BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৪৯
আজকের সর্বশেষ সবখবর

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল নিয়ে যা জানাল আন্তঃশিক্ষা বোর্ড


জুলাই ১৯, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের ফল আগস্টের প্রথম দশকের মধ্যেই প্রকাশ করা হতে পারে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

শনিবার (১৯ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যেই ফল প্রকাশের কথা রয়েছে। সে হিসেবে আগস্টে ফল প্রকাশ করা হবে।

এবার ফল পুনর্নিরীক্ষণে কত আবেদন পড়েছে এমন প্রশ্নে এস এম কামাল উদ্দিন হায়দার জানান, সব বোর্ডের তথ্য এখনো বোর্ডের কাছে আসেনি। এখন পর্যন্ত ৩ লাখের বেশি আবেদনের তথ্য রয়েছে।

এদিকে ফল পুনর্নিরীক্ষণে রাজশাহী বোর্ডে ৬১ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। রাজশাহী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, এবার রাজশাহী বোর্ডে ফল পুনর্নিরীক্ষণে আবেদন করেছেন ৬১ হাজার ৩১০ জন শিক্ষার্থী। ফল প্রকাশ ও পরবর্তী কার্যক্রম নিয়ে আমরা আগামীকাল মিটিংয়ে বসবো।

অন্যদিকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির কাছে জানতে চাইলে তিনি বোর্ডের ফল পুনর্নিরীক্ষণের আবেদন সম্পর্কে বলেন, ঢাকা বোর্ডের আবেদন কত পড়েছে এখনো হিসেব করা হয়নি। বৃহস্পতিবার বিকেলে আবেদন শেষ হয়েছে। আগামীকাল (রবিবার) বিকেলে জানাতে পারবো।

গত বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয়েছে ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম, যা শুরু হয়েছিল গত ১১ জুলাই। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পেয়েছে। প্রতিটি বিষয়ে আবেদনের জন্য নির্ধারিত ১৫০ টাকা ফি দিয়ে শিক্ষার্থীরা আবেদন করেছে।

বোর্ডের দেওয়া তথ্যমতে, ফল প্রকাশের দিন থেকেই ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়। সেই হিসাবে আগস্টের প্রথম দশসের মধ্যেই পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।