BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার


এপ্রিল ২৯, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ এপ্রিল) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী আবেদন না করায় একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে এই তালিকা প্রকাশ করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে এখন পর্যন্ত ৪৯ জনের বিপরীতে গেজেট প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের ৩৬ জন, জামায়াত নেতৃত্বাধীন জোটের ১২ জন এবং স্বতন্ত্র প্যানেলের একজন প্রার্থী রয়েছেন। আদালতের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নেয়া হলেও তা এখন যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।

তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণের তারিখ ১২ মে নির্ধারিত ছিল। তবে ৫০টি আসনের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় কোনো ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময় পার হওয়ার পর কমিশন বৈধ প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে।

রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে কেউ আবেদন না করায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থীর গেজেট আগামীকাল প্রকাশ করা হবে।

এদিকে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে ইসি। রিটার্নিং কর্মকর্তা জানান, বর্তমানে তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আদালতের রিট পিটিশনটি নিষ্পত্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত ৮ এপ্রিল সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।