BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২২
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে আগুনে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬


আগস্ট ১০, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস। সোমবার (১০ আগস্ট) বিবিসি বাংলা এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁর আত্রাই উপজেলার ১১ জন রয়েছেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার বাসিন্দা ১৩ জন।

রবিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে রিয়াদের শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্পাঞ্চলে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রিয়াদের শিফা থানা এলাকার মুসা সানাইয়া শিল্পাঞ্চলে অবস্থিত ওই সোফা তৈরির কারখানাটি বাংলাদেশি কর্মীরাই পরিচালনা করতেন।

ঘটনার বিস্তারিত কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।