BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২
আজকের সর্বশেষ সবখবর

মূল সড়কে বেপরোয়া অটোরিকশা, চরম দুর্ভোগ ভোগান্তি


সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ভাড়া ও সহজলভ্যতা বিচারে উপযুক্ত বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ভোগ সৃষ্টি করলেও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন সড়কে কমছে না ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশার দাপট। এসব অটোরিকশাচালকের অধিকাংশেরই নেই নিবন্ধন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ। তাছাড়া নির্ধারিত নকশার বাইরে তৈরি করা এসব রিকশা সড়কে প্রতিনিয়ত বিপত্তি সৃষ্টি করছে।

স্থানীয় যাত্রীরা বলছেন, তুলনামূলক খরচে এসব রিকশা ভাড়া করা যায়। তাছাড়া পাওয়াও যায় সহজে। চলাচল ও পণ্য পরিবহনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে বিকল্প ব্যবস্থা না থাকায় এসব রিকশাতেই নির্ভরশীল তারা। এ সুযোগে বৈধ রিকশার পাশাপাশি অনেক অবৈধ রিকশা ভিড় জমিয়েছে সড়কে।

উপজেলাজুড়ে অনিয়ন্ত্রিতভাবে চলছে এসব যানবাহন। এর ফলে একদিকে যেমন সড়কে নিত্যদিনের যানজট ও দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

উপজেলা প্রশাসন বা ইউনিয়ন পরিষদের কাছে এর সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও স্থানীয়দের ধারণা, প্রতিদিন প্রায় এক হাজারের বেশি ব্যাটারিচালিত রিকশা ফেঞ্চুগঞ্জে চলাচল করছে। কম ভাড়ায় গন্তব্যে পৌঁছানো ও পণ্য পরিবহনের সুবিধার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কাছে এটি জনপ্রিয় হলেও, বর্তমানে এটি রূপ নিয়েছে উপজেলার অন্যতম প্রধান দুর্ভোগে।

স্থানীয় সূত্র জানায়, চালকদের নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া গতি, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার কারণে সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব রিকশার দাপটে শিক্ষার্থী, অফিসগামী যাত্রী ও মুমূর্ষু রোগীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। এ ছাড়া রিকশাগুলোয় ব্যাটারি চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের অপচয় বাড়ছে; যার প্রভাব পড়ছে জাতীয় গ্রিডে।

নিবন্ধনের বিষয়ে জানতে চাইলে ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন জানান, ছয় বছর আগে তাঁর ইউনিয়ন থেকে ১৪৫টি ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন দেওয়া হয়। তবে পরে আর সেগুলো নবায়ন করা হয়নি। এ থেকে জানা যায়, উপজেলায় চলাচলকারী অধিকাংশ অটোরিকশাই অবৈধ। অন্যদিকে, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু জানান, তাঁর ইউনিয়নে ১২০টি রিকশা নিবন্ধিত হলেও সেগুলোরও কোনো পুনর্নিবন্ধন হয়নি।

এ ব্যাপারে ইউএনও সাবরিনা আক্তার জানান, তিনি সম্প্রতি যোগদান করেছেন। খুব শিগগিরই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।