BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৭
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত


আগস্ট ১০, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মশহুদ আহাম্মদ (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ভোরে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায়, রুকনপুর বাজারের দক্ষিণ পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মসুদ আহমদ নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে।

শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মসুদ আহমদ ও পিকআপের চালক কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে দিগাম্বর বাজারের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে বড়চর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, বাসটি বিপরীত লেনে চলে যাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। সংঘর্ষের তীব্রতায় পিকআপে থাকা মশহুদ আহাম্মদ ছিটকে মহাসড়কে পড়ে যান। এ সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপের চালকও গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত চালককে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে লাকি পরিবহনের বাসটি রুস্তমপুর টোলপ্লাজা এলাকায় আটক করা হয়। দুর্ঘটনাকবলিত পিকআপ ও বাসটি জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। উভয় গাড়ি হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কে বারবার দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণভাবে লেন পরিবর্তন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।