BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬
আজকের সর্বশেষ সবখবর

রাতে ফোন চার্জে রেখে ঘুমানোর অভ্যাস, যা জানা জরুরি


সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন চার্জে দিয়ে সকালে খুলে নেওয়া অনেকেরই নিয়মিত অভ্যাস। এতে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যায় কি না, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে ফোন পুরোপুরি চার্জ হওয়ার পরও দীর্ঘ সময় চার্জারে লাগিয়ে রাখলে ‘ওভারচার্জ’ হয়ে ব্যাটারি নষ্ট হতে পারে—এমন ধারণা রয়েছে। তবে আধুনিক স্মার্টফোনে সাধারণত এমনটি ঘটে না।

বর্তমান সময়ের স্মার্টফোনে ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে চার্জিং ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়। আইফোনে ১০০ শতাংশ চার্জ পূর্ণ হলে চার্জিং বন্ধ হয়ে যায়। একই ধরনের ব্যবস্থা রয়েছে স্যামসাংসহ আধুনিক অ্যান্ড্রয়েড ফোনেও। ফলে রাতভর চার্জে রাখলেই ‘ওভারচার্জ’ হয়ে ব্যাটারি নষ্ট হয়ে যাবে—এ ধারণা সঠিক নয়।

তবে দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জ অবস্থায় ফোন রাখা ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য আদর্শ নয়। লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের সঙ্গে স্বাভাবিকভাবেই ক্ষয় হয়। দীর্ঘ সময় পুরো চার্জ অবস্থায় থাকলে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়তে পারে।

এ কারণে অনেক আধুনিক ফোনে চার্জ সীমিত রাখার সুবিধা দেওয়া হয়েছে। যেমন গুগল পিক্সেলের ‘অ্যাডাপটিভ চার্জিং’ এবং স্যামসাংয়ের ‘ব্যাটারি প্রটেকশন’ সুবিধার মাধ্যমে নির্দিষ্ট মাত্রার পর চার্জ সীমিত রাখা যায়।

চার্জ দেওয়ার সময় ফোন কিছুটা গরম হওয়া স্বাভাবিক। তবে অতিরিক্ত তাপ ব্যাটারির স্থায়িত্ব কমিয়ে দিতে পারে। তাই চার্জ দেওয়ার সময় ফোন বালিশ, কম্বল বা মোটা কাপড়ের নিচে রাখা উচিত নয়। একইভাবে চার্জে থাকা অবস্থায় দীর্ঘ সময় ভারী গেম খেলা বা ভিডিও চালানোও এড়িয়ে চলা ভালো।

অ্যাপলের তথ্য অনুযায়ী, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ফোন ব্যবহার বা চার্জ করলে ব্যাটারির ক্ষতি হতে পারে।

তাহলে কি রাতে ফোন চার্জে রেখে ঘুমানো যাবে? আধুনিক স্মার্টফোনে রাতভর চার্জে রেখে ঘুমানো সাধারণভাবে নিরাপদ। তবে ব্যাটারির দীর্ঘমেয়াদি স্বাস্থ্য ভালো রাখতে ফোনে চার্জ সীমিত করার সুবিধা থাকলে তা ব্যবহার করা যেতে পারে। প্রয়োজন হলে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করলেও সমস্যা নেই।

ব্যাটারি ভালো রাখতে চার্জ দেওয়ার সময় ফোন খোলা ও বাতাস চলাচল করে এমন জায়গায় রাখা উচিত। ফোন অতিরিক্ত গরম হলে কিছুক্ষণ ব্যবহার বন্ধ রাখা ভালো। পাশাপাশি মানসম্মত চার্জার ও কেবল ব্যবহার করা উচিত।

ফোনে ‘ব্যাটারি প্রটেকশন’ বা ‘অপ্টিমাইজড চার্জিং’ সুবিধা থাকলে সেটি চালু রাখা যেতে পারে। একই সঙ্গে চার্জে থাকা অবস্থায় অতিরিক্ত ভারী কাজ বা গেম খেলা এড়িয়ে চলা ভালো।

ব্যাটারি একটি ক্ষয়যোগ্য উপাদান। যত্ন নিলেও সময়ের সঙ্গে এর সক্ষমতা কমবে। তাই শুধু রাতভর চার্জে রাখাকেই ব্যাটারি নষ্ট হওয়ার কারণ মনে করা ঠিক নয়। ব্যাটারির আয়ু নির্ভর করে তাপমাত্রা, ব্যবহারের ধরন, চার্জ দেওয়ার অভ্যাস ও ব্যাটারির বয়সের ওপর।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।