BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

ধানাঞ্জায়া ও মেন্ডিসের সেঞ্চুরিতে ৪০০ পেরিয়ে শ্রীলঙ্কা


নভেম্বর ১১, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সম্ভাবনাময় ইনিংসকে কামিন্দু মেন্ডিস বড় করতে না পারলেও নিজেকে দারুণভাবে মেলে ধরলেন ধানাঞ্জায়া ডি সিলভা। চমৎকার ব্যাটিংয়ে উপহার দিলেন দেড়শ ছোঁয়া ইনিংস। সঙ্গে কুসাল মেন্ডিসের সেঞ্চুরিতে দারুণ একটি দিন কাটাল শ্রীলঙ্কা।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৪ উইকেটে ৪০৪ রান করে তৃতীয় দিন শেষ করেছে লঙ্কানরা। স্বাগতিকদের চেয়ে এখনও ৩০ রানে পিছিয়ে আছে তারা।

রোববার প্রতিপক্ষের কেবল একটি উইকেট ফেলতে পেরেছে পাকিস্তান। দিনের পুরোটা খেলে ক্যারিয়ারের চতুর্দশ সেঞ্চুরিতে ২০ চারে ১৬৭ রান নিয়ে অপরাজিত আছেন ধানাঞ্জায়া। একাদশ সেঞ্চুরি ছুঁয়ে ১১৭ রানে খেলছেন মেন্ডিস। লঙ্কান অধিনায়কের ইনিংসে চারটি ছক্কার সঙ্গে চার ১০টি।

২৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন ধানাঞ্জায়া ও মেন্ডিস।

৩ উইকেটে ১১৪ রান নিয়ে নতুন দিন শুরু করে শ্রীলঙ্কা। ৪০ রান নিয়ে খেলতে নামা কামিন্দু ১১৯ বলে ফিফটিতে পা রাখেন। কয়েক ওভার পর তাকে কট বিহাইন্ড করে দেন মোহাম্মাদ আব্বাস। ভাঙে ৯০ রানের জুটি।

দ্রুত রান বাড়িয়ে ৬৭ বলে ফিফটি করেন ধানাঞ্জায়া। দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় সেঞ্চুরিতে পা রাখেন তিনি, ১৫১ বলে। আরেক প্রান্তে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান বাড়ানো মেন্ডিসের পঞ্চাশ আসে ৮৭ বলে।

দ্বিতীয় নতুন বল নিয়েও ধানাঞ্জায়া ও মেন্ডিসকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি পাকিস্তান। অনায়াসেই দ্বিতীয় সেশন শেষ করেন এই দুই ব্যাটসম্যান। ততক্ষণে প্রায় সাড়ে তিনশ রান করে ফেলে লঙ্কানরা।

শেষ সেশনের শুরুতে মেন্ডিস ও ধানাঞ্জায়ার জুটি স্পর্শ করে দুইশ, ২৯৫ বলে। কিছুক্ষণ পরই কাঙ্ক্ষিত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান মেন্ডিস। একটু পর ১৫০ স্পর্শ করেন ধানাঞ্জায়া।

আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হয়ে যায় দিনের খেলা।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

পাকিস্তান ১ম ইনিংস: ৪৩৪/৯ ডিক্লে.

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১০২ ওভারে ৪০৪/৪ (আগের দিন ১১৪/৩) (কামিন্দু ৫৮, ধানাঞ্জায়া ১৬৭*, মেন্ডিস ১১৭*; আব্বাস ২৯-১১-৬৪-২, সাকিব ২৬-২-১০৫-২, রাজাউল্লাহ ২৩-১-১২৭-০, মিনহাস ২১-২-৯২-০, সালমান ৩-১-৯-০)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।