BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:০৮
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা, আঞ্চলিক আধিপত্যের অভিযোগে ক্ষুব্ধ তৃণমূল নেতাকর্মীরা


নভেম্বর ১১, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক স্থবিরতায় থাকা ওয়েস্ট মিডল্যান্ড বিএনপিকে নতুন করে সংগঠিত করার আশায় বুক বেঁধেছিলেন বার্মিংহামসহ পুরো ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চলের জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা। যুক্তরাজ্য বিএনপির নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর অনেকেই আশা করেছিলেন, এবার হয়তো দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও সর্বজনীন কমিটি গঠিত হবে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন না ঘটায় নেতাকর্মীদের মধ্যে বাড়ছে হতাশা ও ক্ষোভ।

স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মীর অভিযোগ, অতীতে ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রমে একটি নির্দিষ্ট এলাকার প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠার প্রবণতা দেখা গেছে। বিশেষ করে সাবেক সাংগঠনিক নেতৃত্বের সময় জগন্নাথপুরকেন্দ্রিক লোকজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বিশ্বনাথ, বালাগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট, বৃহত্তর সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ অঞ্চলের অন্যান্য এলাকার অনেক ত্যাগী নেতাকর্মী নিজেদের সাংগঠনিকভাবে উপেক্ষিত ও বঞ্চিত মনে করেছেন।

তাদের দাবি, বিএনপি একটি সর্বজনীন রাজনৈতিক সংগঠন। এখানে কোনো নির্দিষ্ট উপজেলা, অঞ্চল কিংবা গোষ্ঠীর একক আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ থাকা উচিত নয়। যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ড অঞ্চলে বসবাসরত সব এলাকার জাতীয়তাবাদী নেতাকর্মীদের সমান রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

নতুন নেতৃত্বকে ঘিরে নতুন প্রত্যাশা, কিন্তু হতাশা কাটেনি

যুক্তরাজ্য বিএনপির নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে দূরে থাকা অনেক নেতাকর্মী আবারও আশাবাদী হয়ে ওঠেন। তাদের প্রত্যাশা ছিল, অতীতের আঞ্চলিক বিভাজন ও পক্ষপাতিত্বের অবসান ঘটিয়ে যোগ্যতা, ত্যাগ, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির নতুন কমিটি গঠন করা হবে।

কিন্তু অভিযোগ উঠেছে, নতুন কমিটি গঠনের প্রক্রিয়াতেও পুরোনো প্রভাবশালী বলয়ের তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন যোগাযোগ ও ব্যক্তিগত লবিংয়ের মাধ্যমে আবারও জগন্নাথপুরকেন্দ্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে দাবি করছেন কয়েকজন স্থানীয় নেতাকর্মী।

নেতৃত্বের প্রত্যাশায় একাধিক নেতা

নতুন কমিটি গঠনের সম্ভাবনাকে সামনে রেখে বিভিন্ন পদে নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে বেশ কয়েকজন নেতা। সভাপতি পদে কাজী আঙ্গুর মিয়া, আব্বাস মিয়া ও জালাল উদ্দিনের নাম আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক পদে আওলাদ হোসেন, এমরান আহমদ, গোলাম মোস্তফা লিমন ও সরওয়ার আহমদের নাম উঠে এসেছে। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ আলী ও নজরুল ইসলাম,মজনু মিয়া, ইসলাম খান সহ কয়েকজনের আগ্রহের কথা জানা গেছে।

তবে এসব নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে কিংবা যুক্তরাজ্য বিএনপি তাদের মনোনীত করেছে—এমন কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে জালাল উদ্দীন, আওলাদ হুসেন, মজনু মিয়া, ইসলাম খান হচ্ছেন জগন্নাতপুর এলাকার |

বার্মিংহাম সিটি বিএনপির কমিটি নিয়ে আলোচনার প্রভাব

স্থানীয় নেতাকর্মীদের একাংশের মতে, সাম্প্রতিক বার্মিংহাম সিটি বিএনপির নেতৃত্ব গঠনকে ঘিরে জগন্নাথপুর এলাকার রফিকুর রহমান রফু ও আব্দুল কবিরের নেতৃত্বে আসার বিষয়টি ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সম্ভাব্য কমিটি নিয়েও নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাদের আশঙ্কা, একই ধরনের আঞ্চলিক সমীকরণ যদি ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রেও অনুসরণ করা হয়, তাহলে অতীতে বঞ্চিত নেতাকর্মীরা আবারও সাংগঠনিকভাবে কোণঠাসা হয়ে পড়বেন।

বঞ্চিত নেতাকর্মীদের কঠোর অবস্থানের হুঁশিয়ারি

নাম প্রকাশে অনিচ্ছুক এক জাতীয়তাবাদী নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য ও সর্বজনীন কমিটির অপেক্ষায় রয়েছি। আমাদের প্রত্যাশা ছিল, অতীতের বিভাজন ও আঞ্চলিক আধিপত্যের অবসান ঘটবে। কিন্তু যদি আবারও ব্যক্তিগত স্বার্থ ও আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে কমিটি গঠন করা হয়, তাহলে দলের বৃহত্তর ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য যদি কমিটি গঠন করা হয়, তাহলে আমরা বিষয়টি নীরবে মেনে নেব না। প্রয়োজনে সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি তুলে ধরব এবং যুক্তরাজ্য বিএনপির নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাব।”

প্রশ্ন এখন একটাই—ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি কি সবার সংগঠন হবে?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসে একটি রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করতে হলে আঞ্চলিক বিভাজন, ব্যক্তিগত বলয় ও নেতৃত্বকেন্দ্রিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে ঐক্য প্রতিষ্ঠা করতে হয়। বিশেষ করে ওয়েস্ট মিডল্যান্ডের মতো বহুজাতিক ও বহুঅঞ্চলভিত্তিক সামাজিক বাস্তবতায় সব এলাকার নেতাকর্মীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, যুক্তরাজ্য বিএনপির বর্তমান নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। কোনো নির্দিষ্ট এলাকার আধিপত্য নয়, বরং যোগ্যতা, রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক অভিজ্ঞতা ও সর্বজনীন গ্রহণযোগ্যতার ভিত্তিতে একটি শক্তিশালী কমিটি গঠন করা হবে।

কারণ বিএনপি কোনো একটি এলাকার সংগঠন নয়; এটি সবার রাজনৈতিক পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগঠন। তাই প্রশ্ন উঠেছে—দীর্ঘদিনের বঞ্চনা ও বিভাজনের অবসান ঘটিয়ে ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি কি সত্যিকার অর্থে সব এলাকার জাতীয়তাবাদী নেতাকর্মীদের ঐক্যের প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারবে, নাকি আবারও আঞ্চলিক প্রভাবের রাজনীতিতে আটকে থাকবে?

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।