BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২১
আজকের সর্বশেষ সবখবর

রাতারগুলে আওয়ামী লীগের গোপন সভা: রিসোর্ট তালা, মালিক সোহেল আত্মগোপনে


নভেম্বর ১১, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষাসফরের কথা বলে রিসোর্ট ভাড়া নিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে রাজনৈতিক সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার। ৮ নভেম্বর সন্ধ্যার পর রাতারগুল সোয়াম ফরেস্ট সংলগ্ন ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ এ সভা অনুষ্ঠিত হয়। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।রাজনৈতিক খবর পড়ুন

পুলিশের দাবি, সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে সভার স্থান ও ঘটনার সত্যতা উদ্‌ঘাটন করা হয়েছে। শিক্ষাসফরের ব্যানার ব্যবহার করে আয়োজন করা এ সভায় পরবর্তী সময়ে আওয়ামী লীগের ব্যানার প্রদর্শন করা হয়। সেখানে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গিয়ে সভার বিষয়ে তথ্য পাওয়া যায়। ৮ নভেম্বর শিক্ষাসফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষাসফরের ব্যানার টাঙানো হয়। পরে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেলে একটি পর্যটকবাহী বাসে শিক্ষাসফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোহেল স্কয়ার ইকো রিসোর্টে উপস্থিত হন। রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষাসফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। তাঁর বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায়।

ওই দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে প্রথমে শিক্ষাসফরের ব্যানার টাঙিয়ে সভা শুরু করা হয়। পরে হঠাৎ সেখানে উপস্থিত হন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। একপর্যায়ে শিক্ষাসফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার প্রদর্শন করা হয়। ব্যানারটির দুই পাশে দাঁড়িয়ে ছিলেন দুজন। এতে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ আয়োজক হিসেবে উল্লেখ করা হয় তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম।মানচিত্র দেখুন

ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যানার পরিবর্তনের পর রনজিত সরকার বক্তব্য দেন। প্রায় পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে তিনি সেখান থেকে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রনজিত সরকারকে বলতে শোনা যায়, ‘দেশে ঢুকেই আমি আমার নেতা-কর্মীদের নিয়ে সমাবেশ করেছি। যতক্ষণ পর্যন্ত নেত্রীকে (শেখ হাসিনা) দেশে আনতে না পারছি, ততক্ষণ লড়াই চলবে।’ এ সময় তিনি ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা কোনো জঙ্গি বা অসাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে তুলে দেবেন না উল্লেখ করে নেতা-কর্মীদের চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।মানচিত্র দেখুন

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আত্মগোপনে ছিলেন সাবেক এই সংসদ সদস্য। এর মধ্যে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন বলে জানা গেছে। সেখানে বিভিন্ন কর্মসূচিতেও তাঁকে দেখা যায়। গত সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে পাঁচ মিনিট ৩৩ সেকেন্ডের ওই সভার ভিডিও আপলোড করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বলে জানা গেছে।

ভিডিওটি প্রকাশের পর সোমবার (৯ নভেম্বর) রাতে সিলেটের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল ও মশাল মিছিল করেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ সভাটি সীমান্ত এলাকায় কিংবা ভারতের ভেতরে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন। তবে তদন্তে নেমে পুলিশ সভাস্থলের সন্ধান পায়।

পুলিশ সূত্রে জানা যায়, ভিডিও দেখে মঙ্গলবার সকালে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা-পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি সভাটি সিলেট নগর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার তথ্য দেন বলে জানিয়েছে পুলিশ।

তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে রাতারগুলের ওই রিসোর্টে যায়। সেখানে গিয়ে পুলিশ সভার বিষয়ে তথ্য ও ঘটনার সত্যতা নিশ্চিত করে।

এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসার পর রিসোর্টটির মালিকানা ও স্থানীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল স্কয়ার ইকো রিসোর্টের স্বত্বাধিকারী সোহেল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদের আপন চাচাতো ভাই। রিসোর্টের জমির মালিকানায়ও বিএনপি সভাপতি মাহবুব আহমদের অংশ রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। রিসোর্টটি তাঁর বাড়ি থেকে কয়েক শ গজ দূরে। একই এলাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহানের বাড়িও রয়েছে। তবে রিসোর্টের ব্যবসায় বিএনপি সভাপতির সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেছেন।রাজনৈতিক খবর পড়ুন

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আহমদ বলেন, সোহেল স্কয়ার রিসোর্টের মালিক তাঁর চাচাতো ভাই। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তবে তাঁর কোনো পদ-পদবি নেই।

রিসোর্টে তাঁর মালিকানা রয়েছে কি না, জানতে চাইলে মাহবুব আহমদ বলেন, রিসোর্টের পাশে তাঁর কৃষিজমি রয়েছে, তবে রিসোর্টের ব্যবসার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা জানতে পারেন, তাঁদের এলাকায় রনজিত সরকার সভা করেছেন। তাঁরা ছদ্মবেশে সেখানে এসেছিলেন। বিষয়টি নিয়ে সোহেলের সঙ্গে বসবেন এবং এ সময়ে কেন তিনি এমন কাজ করলেন, তা জানতে চাইবেন। স্থানীয় বিএনপির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাঁরা এ বিষয়ে পরামর্শ করছেন।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ফতেহপুর ইউনিয়নবাসী এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ শামীম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী এবং যুবলীগ নেতা মাসুক আহমদের নেতৃত্বে সভাটি আয়োজন করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল জানান, একটি পর্যটকবাহী বাসে শিক্ষাসফরের ব্যানার লাগিয়ে তাঁরা রিসোর্টে এসে সভা করেছেন বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনার সঠিক তথ্য উদ্‌ঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে।

রিসোর্টটির ম্যানেজার পারভেজ মোশাররফ জানান, তাঁদের কাছে অনুষ্ঠানটি মূলত শিক্ষাসফর হিসেবে উপস্থাপন করা হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে ১৭৫ জনের উপস্থিতির কথা বলা হয়। বুধবার অ্যাডভোকেট রোকনসহ দুজন এসে রিসোর্ট বুকিং দেন। পরে শুক্রবার সন্ধ্যায় রিসোর্টের বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অগ্রিম দিয়ে বুকিং নিশ্চিত করা হয়। ১৭৫ জনের জন্য মোট বিল আসে ৫২ হাজার টাকা।

তিনি বলেন, আয়োজকেরা দুপুর ৩টার দিকে রিসোর্টে আসেন। তাঁদের পক্ষ থেকে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের কথা জানানো হয়েছিল। সে অনুযায়ী প্যান্ডেলের জন্য খুঁটি স্থাপন করা হয়। পরে রাত ৯টার দিকে তাঁরা রিসোর্ট ত্যাগ করেন।

ঘটনার পর থেকে রিসোর্টের মালিক সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রের দাবি, ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। রিসোর্ট ভাড়া নেওয়া আইনজীবী রোকন মিয়ার মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।