BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিল সহযোগীরা


নভেম্বর ১০, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) উপদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে গেছে সহযোগীরা। সোমবার সন্ধ্যায় উপজেলার হরিপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার পথে সিলেট-তামাবিল সড়কের করিচের ব্রিজ এলাকা থেকে তাঁকে ছিনিয়ে নিয়ে যায় সহযোগীরা। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক আসামিকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, একদল লোক রাস্তায় ব্যারিকেড দিয়ে আসামিকে ছিনিয়ে নেয়। তাঁকে আবার গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হরিপুর বাজারে তাঁর নিজস্ব প্রতিষ্ঠানে অবস্থানকালে থানা পুলিশ জাকারিয়া মাহমুদকে গ্রেপ্তার করে। হাতকড়া পরিয়ে একটি লেগুনা গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার পথে তাঁর গ্রাম হেমু করিচের ব্রিজের পাশে কিছু লোকজন পুলিশের গাড়ির গতিরোধ করে। রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেয়। যে সব লোক আসামি ছিনিয়ে নেয় তাদের অধিকাংশই চোরাচালানের সঙ্গে জড়িত বলে হরিপুরের এক ব্যবসায়ী জানিয়েছেন। ওই ব্যবসায়ী জানান, জাকারিয়া মাহমুদ এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণ করেন।

পুলিশ সুপার ড. যাবের সাদেকও মব সৃষ্টি করে আসামিকে ছিনিয়ে নেওয়ার পেছনে চোরাকারবারিদের জড়িত থাকার তথ্য পেয়েছেন বলে জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।