বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আশুলিয়ার দি-রোজ, নেক্সট কালেকশন, স্টার্লিং ক্রিয়েশন ও স্টার্লিং স্টাইলসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে কর্মবিরতি শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জামগড়া ও আশপাশের এলাকার আরও কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে বেরিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শ্রমিকরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া ছয়তলা এলাকায় অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে ও ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আশুলিয়ার ইউনিক, জামগড়া, নরসিংহপুর, জিরাবো, পুকুরপাড়, কাঠগড়া ও বিশমাইল এলাকার অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহম্মেদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কয়েকটি কারখানার শ্রমিকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
