BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিককে গু’লি করে হ’ত্যা


ডিসেম্বর ১৮, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি:- খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় সাংবাদিক এমদাদুল হক মিলন। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও সাংবাদিক মহলে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

নিহত সাংবাদিক মিলন ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকার বাসিন্দা এবং বজলু রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রোকনুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া এলাকায় পরিকল্পিত হামলার শিকার হন সাংবাদিক মিলন। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতারা বলেন, একজন কর্মরত সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আড়ংঘাটা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।