BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:০৩
আজকের সর্বশেষ সবখবর

‎যুগ্ম আহ্বায়কদের স্বাক্ষর ছাড়াই সভার ডাক, জামালগঞ্জ বিএনপির একাংশের ক্ষোভ ‎


নভেম্বর ৪, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে। দলের দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যে ১ম ও ২য়  যুগ্ম আহ্বায়ককে পাশ কাটিয়ে শুধু আহ্বায়কের স্বাক্ষরে প্রস্তুতিমূলক সভা আহ্বানের বিজ্ঞপ্তি প্রকাশ করায় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

‎আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে আগামী ৪ নভেম্বর বিকেল ৪টায় জামালগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে। এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমানের স্বাক্ষর রয়েছে।

‎‎তবে দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ১ম ও ২য় যুগ্ম আহ্বায়কের স্বাক্ষর করার ক্ষমতা রয়েছে। এমন অবস্থায় তাঁদেরকে সম্পৃক্ত না করে এককভাবে সভা আহ্বানের বিষয়টি নিয়ে দলের ভেতরে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টিকে দলীয় নেতৃত্বের সমন্বয়হীনতা এবং অভ্যন্তরীণ বিরোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ক্ষুব্ধ নেতাকর্মীদের কেউ কেউ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচির প্রস্তুতিমূলক সভা আহ্বানের ক্ষেত্রে আরো দুইজন স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত দায়িত্বশীলকে কেন সম্পৃক্ত করা হলো না? দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখতে হলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট সব দায়িত্বশীল নেতার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করেন এই নেতা।

‎এব্যাপারে উপজেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান আজিজ বলেন, শুধুমাত্র আহ্বায়কের একক স্বাক্ষরে কোনো সিদ্ধান্ত গ্রহনযোগ্য নয়। এটি সম্পূর্ণ দলীয় নীতিমালা পরিপন্থী এবং দল পরিচালনায় অদক্ষতার পরিচয়।

‎এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান বলেন, আমরা আগামী ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষে আগামীকাল একটি প্রস্তুতিমূলক সভা করবো। তবে কি কারনে যুগ্ন আহ্বায়ককের স্বাক্ষর নেই প্রশ্ন করলে তিনি বলেন আমরা আগামীকাল মিটিংটা উভয় গ্রুপ মিলেমিশে একসাথে করার চেষ্টা করছি।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।