শীঘ্রই আসছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটি। যেকোনো সময় ঘোষণা করা হবে এই দুই ইউনিটের কমিটি। প্রায় ৮ বছরের শেষের দিকে নতুন কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে পদপ্রত্যাশী নেতারা ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন ধরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা। একাধিক বলয়ের সমীকরণ, পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই এবং কেন্দ্রীয় নীতি-নির্ধারকদের বিশ্লেষণের পর অবশেষে কাঙ্খিত এই কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
তৃনমূলের নেতাকর্মীদের মাঝে গুঞ্জন ছিল চলতি অক্টোবর মাসেই হয়তো ঘোষণা আসবে, তবে সব হিসাব-নিকাশ শেষে নভেম্বরের যেকোনো সময় নতুন কমিটি প্রকাশের জোরালো ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন নেতৃত্ব থমকে থাকায় যে সাংগঠনিক স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে নতুন উদ্দীপনায় রাজপথে ফেরার প্রহর গুনছেন সিলেটের রাজপথ কাঁপানো ছাত্রনেতারা।
ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের দাবি সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে হলে অতীত রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী, মেধাবী ও দক্ষদেরই শীর্ষ পদে মূল্যায়ন করতে হবে। বিশেষ করে বিগত দুঃসময়ে প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে যারা দলীয় কর্মসূচি বাস্তবায়ন করেছেন এবং রাজপথে অনড় ভূমিকা রেখেছেন, তাঁদের অবদান বিবেচনায় নেওয়ার আকুল আবেদন তৃণমূলের। পাশাপাশি কমিটিতে অপছাত্রত্ব দূর করে প্রকৃত ছাত্রদের অগ্রাধিকার দেওয়া, গ্রুপভিত্তিক বিভক্তি কমিয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব বেছে নেওয়া এবং আহবায়ক ও সদস্য সচিব নির্বাচনে সর্বজনীন জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়ার জোর দাবি উঠেছে।
সিলেটের ছাত্ররাজনীতির দিকে তাকালে দেখা যায়, নতুন পদপ্রত্যাশী ও তরুণ ছাত্রনেতাদের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ নেতার অতীত রাজনৈতিক ত্যাগ, জেল-জুলুম ও সাংগঠনিক দক্ষতার নানা চিত্র তুলে ধরছেন। সিলেটের চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়—সবখানেই এখন আলোচনায় সম্ভাব্য তরুণ নেতৃত্ব। শীর্ষ পদ পেতে ইচ্ছুক নেতারাও ঢাকার কেন্দ্রীয় নেতাদের সান্নিধ্যে নিজেদের শক্ত অবস্থান ও গ্রহণযোগ্যতা তুলে ধরতে দিনরাত তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় সিলেট ছাত্রদলের একঝাঁক আলোচিত তরুণ ও ত্যাগী নেতার নাম উঠে আসছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—আব্দুস সামাদ লস্কর মুনিম, খালেদুর রহমান সানি, রুবেল ইসলাম, আজহার আলী অনিক, আবুল হোসাইন, শহীদুল ইসলাম অপু, আফজল হোসাইন, মাহবুব হোসাইন, আকিরুল ইসলাম জিসান। স্থানীয় রাজনীতিতে এই নেতাদের অবস্থান ও গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক বলয়ে চলছে জোর সমীকরণ।
কেন্দ্রীয় ছাত্রদল সূত্র জানা গেছে, প্রার্থীদের তথ্য ও জীবনবৃত্তান্ত যাচাই-বাছাইয়ের কাজ চলমান। জেলা ও মহানগর ইউনিটে যোগ্য নেতৃত্ব এলে তা সামগ্রিক সাংগঠনিক কার্যক্রমে এক নতুন গতির সঞ্চার হবে। শেষ পর্যন্ত ঐতিহ্যবাহী সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃত্ব আসছে কার হাতে-সেটাই দেখার বিষয়।
