BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৫
আজকের সর্বশেষ সবখবর

‎জামালগঞ্জের লালপুরের টোল আদায়ের টাকা যাচ্ছে কার পকেটে? মিল ম্যানেজারদের বিরুদ্ধে টোল আদায়ের অভিযোগ


নভেম্বর ১২, ২০২৬ ২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

‎‎স্টাফ রিপোর্টার: ‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার থেকে লালপুর এবং লালপুর থেকে গজারিয়া পর্যন্ত বিআইডব্লিউটিএর নৌপথে টোল আদায় নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। টোলের হার কমিয়ে ৫০ পয়সা করার প্রশাসনিক নির্দেশনার পর থেকে ইজারাদাররা টোল আদায় বন্ধ রেখেছেন বলে জানা গেছে। তবে অভিযোগ উঠেছে, ইজারাদাররা ঘাটে না গেলেও বিভিন্ন মিলের ম্যানেজাররা নৌযান থেকে টোলের টাকা আদায় করে নিজেদের কাছে জমা রাখছেন। তাঁদের একাংশ এ কথা স্বীকার করলেও অন্য অংশ অভিযোগ অস্বীকার করছেন।
‎
‎জানা যায়, উল্লেখিত নৌপথের দুই অংশের টোল আদায়ের ইজারা নেন ওয়াহেদ আলী ও জিয়াউর রহমান। ইজারার চুক্তি অনুযায়ী, নদীর পাড় থেকে নৌযানে চুনাপাথর লোড আনলোড করার পর প্রতি টন হিসাবে ৭০ টাকা হারে টোল আদায় করা হতো বলে সংশ্লিষ্টদের দাবি। ‎তবে ইজারাদাররা প্রতি ফুটে ২টাকা ৮০ পয়সা করে নিচ্ছে বলে দাবি করে এই টোলের হার কমিয়ে ৫০ পয়সা করার দাবিতে গত কয়েক মাস ধরে আন্দোলন করে আসছিলেন লালপুরের মিলমালিক, নৌযান মালিক ও শ্রমিকরা। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক (ঢাকা) মো. ইসমাইল হোসেন সরেজমিনে জামালগঞ্জ পরিদর্শন করে সংশ্লিষ্ট ইজারাদারদের ৫০ পয়সা হারে টোল আদায়ের নির্দেশনা দেন। ‎কিন্তু ইজারাদাররা নির্ধারিত ৫০ পয়সা হারে টোল আদায়ে সন্তুষ্ট নন বলে তারা জানান । ফলে প্রশাসনের ওই নির্দেশনার পর থেকে তাঁরা ঘাটে গিয়ে টোল আদায় বন্ধ রেখেছেন।
‎
‎এদিকে সাচনা ও লালপুর থেকে গজারিয়া পর্যন্ত এলাকায় অর্ধ শতাধিক চুনাপাথর ক্রাশার মিল রয়েছে। এসব মিল থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে স্টিলবডি নৌযানে করে পাথর পরিবহন করা হয়। অভিযোগ রয়েছে, নৌযানগুলো যে মিল থেকেই পাথর কিনুক না কেন, পাথরের বিলের সঙ্গে প্রতি স্কয়ার ফুটে ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে মিলের ম্যানেজারের কাছে জমা দিচ্ছেন নৌযান সংশ্লিষ্টরা। কিন্তু ইজারাদাররা টোল আদায়ে না যাওয়ায় ওই টাকা তাঁদের কাছে পৌঁছাচ্ছে না। বরং সংশ্লিষ্ট মিলের ম্যানেজারদের কাছেই জমা থাকছে।
‎
‎বিষয়টি নিয়ে সরেজমিনে অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন নৌযানের শ্রমিক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানাযায়, আগে ইজারাদাররা ঘাটে এসে টোলের টাকা আদায় করতেন। বর্তমানে তাঁরা ঘাটে না আসায় নৌযান থেকে হিসাব করে ৫০ পয়সা হারে টোলের টাকা মিলের ম্যানেজারদের কাছে দিয়ে যাচ্ছেন।
‎
‎এমভি তমির উদ্দিন আওলিয়ার সুকানি আবু জাফর বলেন, “আমাদের জাহাজে প্রায় সাড়ে ১১ হাজার স্কয়ার ফুট পাথর পরিবহন করা যায়। এর আগে আমরা সোনাপুরের ফরিদ হাজির মিল থেকে দুই ট্রিপ পাথর নিয়েছি। বিআইডব্লিউটিএর কোনো ইজারাদারকে ঘাটে না পাওয়ায় ওই দুই ট্রিপের টোলের টাকা মিল কর্তৃপক্ষের কাছেই পরিশোধ করেছি। বর্তমানে আমরা লাল ভাইয়ের মিল থেকে পাথর নিচ্ছি। এই ট্রিপের পাথরের বিলের সঙ্গে টোলের টাকাও আমাদের মালিক পরিশোধ করে দেবেন।”
‎
‎নিজের নাম প্রকাশে অনিচ্ছুক এমবি মোসাররফ হোসেন অ্যান্ড ওমর খান নৌপরিবহনের এক কর্মী বলেন, “আমরা কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমানের মিল থেকে ৯ হাজার ৭০০ ফুট পাথর নিয়েছি। প্রতি ফুট ৫০ পয়সা হিসাবে টোলের টাকা সুলেমানের কাছে দিয়ে এসেছি।”
‎
‎এ বিষয়ে ফরিদ হাজির মিলের ম্যানেজার রায়হান আহমদ বলেন, “বিআইডব্লিউটিএর কোনো ইজারাদার টোল আদায়ের জন্য ঘাটে না আসায় আমাদের মিল থেকে যত নৌযানে পাথর বিক্রি হচ্ছে, সেসব নৌযানের কাছ থেকে প্রতি স্কয়ার ফুট ৫০ পয়সা হারে টোলের টাকা হিসাব করে আদায় করে নিজেদের কাছে জমা রাখছি। ইজারাদাররা যেকোনো সময় টোল আদায়ের জন্য এলে সংগৃহীত পুরো টাকা তাঁদের বুঝিয়ে দেওয়া হবে।”
‎
‎অন্যদিকে, কামিনীপুর ঘাটের ম্যানেজার সুলেমানের কাছে জানতে চাইলে তিনি কোনো টুলের টাকা রাখেননি বলে অস্বীকার করেছেন।
‎
‎এ অবস্থায় নৌযান থেকে টোল বাবদ আদায় করা অর্থের প্রকৃত গন্তব্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইজারাদাররা টাকা আদায় না করলেও মিল কর্তৃপক্ষের কাছে টোলের টাকা জমা হচ্ছে বলে নৌযান সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে। এসব অর্থ যথাযথভাবে ইজারাদারদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়েও তৈরি হয়েছে সংশয়।
‎
‎এ বিষয়ে ইজারাদার ওয়াহেদ আলী বলেন, “ইজারার চুক্তিনামায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতি টন পাথরের বিপরীতে ৭০ টাকা করে টোল আদায়ের লিখিত নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় মিলমালিক, নৌযান মালিক ও শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন এবং বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা সরেজমিনে এসে প্রতি স্কয়ার ফুটে ৫০ পয়সা হারে টোল আদায়ের মৌখিক নির্দেশনা দেন। তবে চুক্তিনামায় উল্লেখিত হারের তুলনায় এ নির্দেশনায় আমরা সন্তুষ্ট নই। এ কারণে আমরা আপাতত টোল আদায় বন্ধ রেখেছি। বিষয়টি ইতোমধ্যে লিখিতভাবে ঢাকায় বিআইডব্লিউটিএর প্রধান কার্যালয়কে অবহিত করেছি। এ ছাড়া বর্তমানে প্রতিটি নৌযানের টোল আদায় করছেন পাথর বিক্রেতা সংশ্লিষ্ট মিলের ম্যানেজাররা।”
‎
‎আরেক অংশের ইজারাদার জিয়াউর রহমান বলেন, “আমরা টোলের টাকা তুলছি না। বিআইডব্লিউটিএর সিদ্ধান্তের অপেক্ষায় আছি।” তবে টাকাগুলো আদায় করছে মিলের ম্যানেজাররা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।