BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০২
আজকের সর্বশেষ সবখবর

হজযাত্রীদের জন্য হেল্প ডেস্ক চালু করলেন আজহারী


এপ্রিল ২৯, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন তাদের জন্য ‘হজ হেল্প ডেস্ক’ নামে বিশেষ পরামর্শ সেবা চালু করেছে জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী প্রতিষ্ঠিত হাসানাহ ফাউন্ডেশন।

পবিত্র হজের সঠিক বিধিবিধান জানাতে এবং সুন্নাহসম্মত পদ্ধতি সম্পর্কে হজযাত্রীদের সচেতন করতে হাসানাহ ফাউন্ডেশন এই সেবা চালু করেছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে হজযাত্রীরা ফোন, মেসেজ কিংবা ইমেইলে তাদের প্রয়োজনীয় সমাধান জানতে পারবেন।

মাওলানা মিজানুর রহমান আজহারী তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বার্তায় মাবরুর (কবুল) হজের গুরুত্ব তুলে ধরেন।

তিনি সহিহ মুসলিমের ১৩৪৯ নম্বর হাদিস উল্লেখ করে জানান, মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়।

হজযাত্রীদের হজ যাতে সামান্য কোনো অসঙ্গতি বা ত্রুটির কারণে বিঘ্নিত না হয় এবং তা যেন আল্লাহর দরবারে কবুল বা মাবরুর হজ হিসেবে গৃহীত হয়, সেই লক্ষ্যেই মূলত হাসানাহ ফাউন্ডেশনের এই বিশেষ উদ্যোগ।

হাসানাহ হজ হেল্প ডেস্ক থেকে সেবা পেতে আগ্রহীরা ০১৩৩৬৬৮৪০৩০ নম্বরে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তাদের হজ সংক্রান্ত প্রশ্ন পাঠাতে পারবেন। এছাড়া info@hasanahfoundation.com ইমেইল ঠিকানায় যোগাযোগ করার সুযোগ রয়েছে।

পাশাপাশি হাসানাহ ফাউন্ডেশনের অফিশিয়াল ফেসবুক পেইজের ইনবক্স এবং আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠানেও সরাসরি ফোনকল কিংবা কমেন্ট বক্সে প্রশ্ন করার সুযোগ রাখা হয়েছে।

হজযাত্রীরা যাতে ঘরে বসেই হজের যাবতীয় জটিল বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য সমাধান পেতে পারেন, সেজন্যই এই পরামর্শমূলক সেবাটি চালু করা হয়েছে বলে জানানো হয়।

আজহারী মনে করেন, হজের প্রতিটি ধাপ সঠিকভাবে সুন্নাহ মোতাবেক পালন করা গেলেই কেবল একজন মুমিন তার আজীবনের লালিত স্বপ্ন মাবরুর হজের সার্থকতা খুঁজে পাবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।