আমরা এমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যার নিজের মন্ত্রণালয়ের খবর নেই অন্য সব মন্ত্রণালয়ে মাতব্বরি করেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়াও দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই খারাপ বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি রাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয় ঠিক থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঠিক থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় সামলাতে ব্যর্থ হয়ে অন্য মন্ত্রণালয়গুলোতে হস্তক্ষেপ করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকার থেকে শুরু করে সব ক্ষেত্রেই তার অযাচিত হস্তক্ষেপ চলছে। এটি কোনোভাবেই সুশাসনের লক্ষণ নয়।
তিনি বলেন, দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। প্রতিদিন খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও দখলবাজি বাড়ছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ প্রশাসনকে দলীয় কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশ জনগণের বন্ধু হবে, কোনো দলের লাঠিয়াল হবে না। কিন্তু আমরা এর উল্টো চিত্র দেখছি।
জামায়াত আমির বলেন, অতীতে যারা লুটপাট ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনেকেই এখন রং বদলে বিভিন্ন দলে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তাদের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেন, তারা দেশপ্রেমিক হতে পারেন না। তাদের বিচার জনগণের আদালতে হবেই।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজেরা কোনো দলের নন। তারা নিজেরা ডোবেন, দলকেও ডোবান। দল বিপদে পড়লে তারা সবার আগে পালিয়ে যান। এই সুবিধাবাদী গোষ্ঠীর ব্যাপারে সব রাজনৈতিক দলকে সতর্ক থাকতে হবে। জামায়াতে ইসলামীতেও এ ধরনের দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কোনো স্থান নেই। তৃণমূল থেকেই তারা এ বার্তা স্পষ্ট করে দিতে চান।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন। তবে দেশের স্বার্থে সরকার ভালো কাজ করলে সহযোগিতাও করবেন। দেশে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় বিরোধী দল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির মো. ফখরুল ইসলাম, সিলেট জেলার আমির মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতারা।
