BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫১
আজকের সর্বশেষ সবখবর

শাহজালালের ডেগে ‘আশার আলো’ হয়ে শেখ হাসিনার ফিরে আসার প্রার্থনা করে চিঠি


অক্টোবর ২৪, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ গণনার সময় মানতের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে।

চিঠিতে শেখ হাসিনার সুস্থতা কামনার পাশাপাশি তাকে বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে ফিরে আসার প্রার্থনা করা হয়েছে। চিঠিতে তারিখ লেখা ছিল ২৮ সেপ্টেম্বর ২০২৬, ওই দিন ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারে পঞ্চম দফায় প্রকাশ্যে দানবাক্স ও মানতের ডেগের অর্থ গণনা শুরু হয়। এ সময় ডেগে পাওয়া চিঠিতে লালবাগ থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও প্রার্থনার কথা লেখা রয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, ‘আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানা ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাঁকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’

উল্লেখ্য, এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে গঠিত কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, এখন থেকে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়মিত গণনা করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটিতে সিদ্ধান্ত হয়, দানের টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নকাজে এবং বাকি ৬৫ শতাংশ দৈনন্দিন খরচ ও কর্মচারীদের বেতন-ভাতায় ব্যয় করা হবে।

মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগগুলোতে নগদ টাকা ও বৈদেশিক মুদ্রার পাশাপাশি মাঝে মাঝে এমন ব্যতিক্রমী চিঠি পাওয়ার ঘটনা সাধারণ মানুষের মাঝে কৌতূহলের সৃষ্টি করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।