বিডি সিলেট ডেস্ক:: পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় সিএমএইচে ভর্তি করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) তুরস্ক থেকে বাংলাদেশে আসার পথে তিনি বিমানের মধ্যে অসুস্থবোধ করেন। সম্প্রতি ডিপ্লোম্যাসি ফোরাম ২০২২-এ যোগ দিতে তুরস্ক সফরে গিয়েছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।
তিনি জানান, তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
তুরস্ক থেকে আসার পথে বিমানে শিডিউল বিপর্যয়ে পড়েন পররাষ্ট্রমন্ত্রী। তার নিয়মিত ঘুম হয়নি। তুরস্কে ঠান্ডা ছিল, দুবাইয়ে তাপমাত্রা বেশি ছিল, এসব কারণে তিনি অসুস্থতাবোধ করেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
জুয়েল আরও জানান, মন্ত্রী স্বাভাবিক রয়েছেন। পরিবারের সিদ্ধান্তে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।
শারীরিক সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দো’আ চেয়েছেন পররাষ্টমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত সোমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখান থেকে তুরস্কে দ্বিতীয় অ্যান্তলিয়া ডিপ্লোমেসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে যোগ দিতে শুক্রবার আমিরাত থেকে আঙ্কারায় পৌঁছান ড. মোমেন।
