BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৪
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ঝড়-বৃষ্টির তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি


এপ্রিল ২৯, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে গত কয়েক দিনের টানা ঝড়, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে সোনাই নদী ও কয়েকটি পাহাড়ি ছড়ার তীরবর্তী এলাকায় পাড় উপচে পানি ঢুকে রোপা আমন, সবজির ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গত এক সপ্তাহ ধরে মাধবপুরে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি এবং প্রতিদিনই কালবৈশাখী ঝড় হচ্ছে। এসব এলাকার মৎস খামার পানিতে ডুবে খামারের মাছ ভেসে গেছে। রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। কালবৈশাখী ঝড়ে গাছপালা ভেঙ্গে পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায়, অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের ও বাংলাদেশের রঘুনন্দন পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভারতের পশ্চিম ত্রিপুরা থেকে বযে চলা সোনাই নদী, রঘুনন্দন পাহাড় থেকে বয়ে আসা সিমনাছড়া, তেলমাছড়া, তেলাইন্নাছড়াসহ পাহাড়ি ছড়াগুলোর ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। এসব পাহাড়ি ছড়া ও নদীর পানি কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর, ভান্ডারুয়া, শাহজাহানপুর, গোয়াসনগর, নাজিরপুর, জগদীশপুরসহ বিভিন্ন এলাকায় তীর উপচে লোকালয়ে ঢুকে রোপা আমন, সবজি খেত ও মৎস খামারের মাছ ভেসে গেছে।

আন্দিউড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান,গত এক সপ্তাহের বৃষ্টিতে সোনাই নদীর পাড় উপচে আন্দিউড়া, হাড়িয়া, মীরনগর, জগদীশপুর, বড়ধলিয়া কুটানিয়া, দীঘিরপাড়, সুলতানপুর মুরাদপুর বারচান্দুরা গ্রামে পানি ঢুকে রোপা আমন ও শত শত পুকুরের মাছ ভেসে গেছে।ভারি বৃষ্টিপাত হওয়ায় এমন ঘটনা ঘটেছে।

উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তার পুকুর সহ এলাকার বেশিরভাগ পুকুর বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে সব মাছ ভেসে গেছে। তেলিয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন চৌধুরী জানান, তার পুকুরের সব মাছ ভেসে গেছে। টানা ৩৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পরে ৪ ঘন্টা বিদ্যুৎ ছিল। আবারও ঝড়ে বৈদ্যুতিক লাইনের ক্ষতি হওয়ায় প্রায় ৩২ ঘন্টা যাবত বিদ্যুৎ নেই। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।

মাধবপুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ঝড় বৃষ্টির মধ্যেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করে যাচ্ছেন। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, টানা ঝড় বৃষ্টি ও পাহাড়ি ঢলে শাহজাহানপুর ইউনিয়নের বেশিরভাগ পুকুরের মাছ ভেসে গেছে। সবজি ও ধানের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা মৎস কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান,ভারি বর্ষণে অনেক মৎস খামারির অনেক মাছ ভেসে গেছে।মৎস চাষিরা মাছ রক্ষার চেষ্টা করছেন।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: জাহিদ বিন কাশেম জানান,সরেজমিনে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারণ করার কাজ চলছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।