বিডি সিলেট :: সিলেটের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সিলেট ডটকম আজ ১৫ বছরে পদার্পণ করেছে। ২০১১ সালের ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই সংবাদমাধ্যম অল্প সময়ের মধ্যেই সততা, সাহসিকতা এবং পেশাদার সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের কারণে দৈনিকসিলেট ডটকম শুধু সিলেটেই নয়, দেশ-বিদেশে প্রবাসী পাঠকদের কাছেও নির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। এটি স্থানীয় সমস্যা, উন্নয়ন, প্রবাসীদের জীবনধারা, রাজনৈতিক ও সামাজিক বিষয়, সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডের নানা দিক গুরুত্বসহকারে তুলে ধরে। দ্রুত, নির্ভুল ও বিশ্লেষণধর্মী সংবাদ পরিবেশন এবং অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দৈনিক সিলেট ডটকম পাঠকমহলে বিশ্বাসযোগ্যতার শক্ত ভিত্তি গড়ে তুলেছে। আধুনিক প্রযুক্তি, আপডেটেড কনটেন্ট এবং পাঠকবান্ধব উপস্থাপনার মাধ্যমে এটি নিয়মিত তথ্যচাহিদা পূরণ করে যাচ্ছে।
১৫তম বর্ষপূর্তি উপলক্ষে সম্পাদক মুহিত চৌধুরী সকল পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, “পাঠকদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা আমাদের দীর্ঘ পথচলার প্রধান শক্তি ও অনুপ্রেরণা। সত্য, সাহস ও দায়িত্ববোধকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই।”
প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিকসিলেট ডটকম সংবাদ পরিবেশনে নৈতিকতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার প্রশ্নে কোনো আপস করেনি। সত্য প্রকাশে সাহসী অবস্থান, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার ভূমিকা এবং অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এটি সমাজের দর্পণ হিসেবে অবস্থান করছে।
নতুন উদ্যম ও পরিকল্পনা নিয়ে দৈনিকসিলেট ডটকম আগামী দিনগুলোতেও পাঠকের আস্থার প্রতীক হয়ে থাকবে—এটাই প্রত্যাশা।
