BD SYLHET NEWS
সিলেটরবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:২৯
আজকের সর্বশেষ সবখবর

ছেলে-পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুল মাঠে কলাগাছ লাগালেন জমিদাতা, শিক্ষকদের কার্যালয়ে তালা


অক্টোবর ৪, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়ায় একটি স্কুলের জমির দাতা তার ছেলে ও ছেলের বউকে চাকরি না দেওয়ার অভিযোগ তুলে বিদ্যালয়ের মাঠে কলাগাছ লাগিয়ে দিয়েছেন। একই সঙ্গে শিক্ষকদের কার্যালয়ে তালা ঝুলিয়ে বিদ্যালয়ের প্রধান ফটক বাঁশ দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন তিনি।

শনিবার সাপ্তাহিক ছুটির দিনে দাতা সদস্য আজাদ আলী লোকজন নিয়ে গিয়ে এসব করেন। বিদ্যালয়টির নাম ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’।

স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেলেও নিয়মিত পাঠদান চলছে। শনিবার হঠাৎ আজাদ আলী লোকজন নিয়ে এসে বিদ্যালয়ের প্রধান ফটকে বাঁশের বেড়া দেন এবং মাঠে কলাগাছ লাগান। শিক্ষকদের কার্যালয়েও তালা লাগিয়ে দেওয়া হয়। এতে বিদ্যালয়ের নলকূপের পানি ব্যবহারেও সমস্যায় পড়েছেন।

২০১৫ সালে পুঠিয়া উপজেলার ভালুকগাছি গ্রামে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। এখানে প্রাক্-প্রাথমিক থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ের জন্য রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং মাধ্যমিক পর্যায়ের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের স্থাপনের অনুমতি রয়েছে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের জন্য চিঠি দেওয়া হয়। পরে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সিদ্ধান্তে প্রতিষ্ঠানের নাম ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ করা হয়। দাতা সদস্য আজাদ আলী নিজেই নাম পরিবর্তনের প্রস্তাব করেছিলেন বলে প্রতিষ্ঠানের রেজুলেশনে উল্লেখ রয়েছে।

বিদ্যালয়টি ২০২৪ সালের ১১ ডিসেম্বর পাঠদানের অনুমতি পায়। বর্তমানে নিম্নমাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে। পর্যায়ক্রমে অষ্টম, নবম ও দশম শ্রেণি চালুর কথা রয়েছে। এরপর উচ্চমাধ্যমিক পর্যায় চালুর পরিকল্পনা রয়েছে।

দাতা সদস্য আজাদ আলীর ভাষ্য, সেখানে টেকনিক্যাল কলেজ করার কথা ছিল। তার ছেলে ও ছেলের বউকে চাকরি দেওয়ার কথা থাকায় তিনি জমি দিয়েছিলেন। কিন্তু তার ভাষ্য অনুযায়ী, ওই নামে প্রতিষ্ঠান করা হয়নি এবং তার ছেলের বউকেও চাকরি দেওয়া হয়নি। এ কারণে তিনি বিদ্যালয়ে তালা লাগিয়ে মাঠে কলাগাছ লাগিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, আজাদ আলী নিঃশর্তভাবে প্রতিষ্ঠানকে জমি দান করেছিলেন। ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালুর অনুমতি দিয়েছিলেন। পরে স্থাপনা নির্মাণের পর প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি করার সময় তিনি ভোকেশনাল শাখায় তার ছেলের এবং কলেজ শাখায় ছেলের বউয়ের চাকরি দাবি করেন।

প্রধান শিক্ষক বলেন, কমিটি তার দাবিতে সম্মতি দিয়েই জমি রেজিস্ট্রি করে নেয়। আনুষ্ঠানিকভাবে কলেজ শাখা চালু হতে দেরি হওয়ায় আজাদ আলীর ছেলের বউকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হয়। চাকরিরত অবস্থায় তিনি ২০২২ সালে মারা যান।

এরপর আজাদ আলী তার ছেলের দ্বিতীয় বিয়ের পর পুত্রবধূকে মাধ্যমিক শাখায় কেরানি পদে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। কমিটি তাতেও সম্মতি দেয়। পরে তিনি তার ছেলের জায়গায় অন্য একটি পদ দাবি করেন এবং কমিটি তাতেও সম্মত হয় বলে জানান প্রধান শিক্ষক। এসব বিষয়ে প্রতিষ্ঠানের রেজুলেশন রয়েছে বলেও তিনি দাবি করেন।

সেলিম রেজা আরও বলেন, এর প্রায় এক বছর পর ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আজাদ আলী রাজশাহীর আদালতে মামলা করেন। মামলায় তিনি দাবি করেন, যে নামে প্রতিষ্ঠান করার জন্য জমি দিয়েছিলেন, সেই নামে প্রতিষ্ঠান করা হয়নি। মামলাটি বর্তমানে চলমান।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভালুকগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে এবং নিয়মিত পাঠদান চলে। গত মাসের ১০ তারিখে রাজশাহী শিক্ষা বোর্ড নতুন ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দিয়েছে। এভাবে বিদ্যালয় বন্ধ করা যায় না।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, আজাদ আলী জমি দান করেছেন এবং দলিলের মাধ্যমে জমিটি এখন স্কুলের নামে রয়েছে। এই দলিল শুধু আদালতের মাধ্যমে বাতিল করা সম্ভব। যতক্ষণ দলিল বহাল আছে, ততক্ষণ বিদ্যালয়ে তালা ঝোলানো বা গাছ লাগানোর সুযোগ নেই।

ইউএনও বলেন, জমি ফেরত নিতে হলে আদালতের রায় নিতে হবে। বিদ্যালয়ের মাঠ থেকে কলাগাছ সরানো এবং তালা খোলার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।