BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনায় মুখর স্কলার্সহোম টিলাগড়ের বিজ্ঞান মেলা


অক্টোবর ১, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

সৌর ও বায়ুশক্তিতে পরিচালিত স্মার্ট শহর, বৃষ্টির পানি সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগের সতর্কযন্ত্রসহ নানা প্রকল্প নিয়ে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে বৃহস্পতিবার (১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে ‘বিজ্ঞান মেলা-২০২৬’।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলায় প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ২৪টি দলে অংশ নেয়। এর মধ্যে আটটি দল বিজয়ী নির্বাচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। তাঁরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রকল্পের কার্যপদ্ধতি ও ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

প্রধান অতিথি প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরীর আন্তরিক উপস্থিতি ও শিক্ষার্থীদের প্রকল্পের প্রতি মনোযোগ আয়োজনটিকে বিশেষ মর্যাদা এনে দেয়। ক্ষুদে উদ্ভাবকদের সঙ্গে তাঁর সরাসরি মতবিনিময় শিক্ষার্থীদের জন্য ছিল উৎসাহব্যঞ্জক অভিজ্ঞতা। নিজেদের ভাবনা ও পরিশ্রমের ফল তাঁর সামনে তুলে ধরতে পেরে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপনায় অংশ নেয়।

অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিনের নেতৃত্ব, সার্বিক তত্ত্বাবধান এবং সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদানের মধ্য দিয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের মেধা বিকাশের এই সুযোগ তৈরি হয়েছে। প্রদর্শনী পরিদর্শনের সময় শিক্ষার্থীদের কাজের প্রতি তাঁর আন্তরিক আগ্রহ শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

বিজয়ী প্রকল্পগুলোর মধ্যে ছিল প্রথম শ্রেণির রবিন ও ময়না শাখার ভাসমান ডিমের পরীক্ষা; দ্বিতীয় শ্রেণির পিজন শাখার পানিচক্র, রং পরিবর্তন ও মোমবাতির পরীক্ষা; তৃতীয় শ্রেণির পদ্মা শাখার পানিচক্র, ওয়াটার ডিসপেনসার ও স্বয়ংক্রিয় সেচব্যবস্থা; চতুর্থ শ্রেণির মধুমতী শাখার ওয়াটার হুইল ও উইন্ডমিল এবং পঞ্চম শ্রেণির ধানসিঁড়ি শাখার নবায়নযোগ্য শক্তিতে পরিচালিত স্মার্ট শহরের মডেল।

ষষ্ঠ শ্রেণির ছাত্র শাখা ‘বি’-এর গ্রুপ–১ প্রাকৃতিক দুর্যোগের সতর্কযন্ত্র উপস্থাপন করে বিজয়ী হয়। সপ্তম শ্রেণির বিজয়ী দল বৃষ্টির পানি সংরক্ষণ, তড়িৎ বিশ্লেষণ ও বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা এবং অষ্টম শ্রেণির বিজয়ী দল ঘুম প্রতিরোধী সতর্কযন্ত্র, চন্দ্রগ্রহণ, এয়ার কুলার ও পানি থেকে শক্তি উৎপাদনের প্রকল্প প্রদর্শন করে।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ে ছিলেন একাডেমিক কো-অর্ডিনেটর সুমিত্রা মজুমদার। শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মীদের সম্মিলিত সহযোগিতায় মেলাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। হাতে-কলমে বিজ্ঞান শেখার এ আয়োজন শিক্ষার্থীদের অনুসন্ধিৎসা, উদ্ভাবনী চিন্তা, দলগত কাজ ও আত্মবিশ্বাস বিকাশের সুযোগ করে দেয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।