বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ শটগান, গুলি ও মাদকসহ প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের চোরাচালানির মালামাল জব্দ করেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ৪৮ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে (৩০ সেপ্টেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ অপারেশন দল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ এবং ১টি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক (বিজিওএম) জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক চোরাচালানী মালামাল সমূহ সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
