BD SYLHET NEWS
সিলেটশনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৩২
আজকের সর্বশেষ সবখবর

আগুনের ধোঁয়ায় অসুস্থ ৭০ জন কারখানা থেকে উদ্ধার


অক্টোবর ৩, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরের ডেগেরচালার ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার ভেতরে আটকে পড়ে ধোঁয়ায় অসুস্থ অন্তত ৭০ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, সাততলা ওই কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে।

অগ্নিনির্বাপণ কার্যক্রম সম্পর্কে তিনি আরও জানান, দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।