BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২০
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি বাবা। নিহত মোহাম্মদ আবদুর রহিম ৬২ বছর।

হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে। স্থানীয় সময় রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ওয়ার্নার অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আবদুর রহিম তার ১৮ বছর বয়সী মেয়েকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। গাড়ি চালানোর অনুশীলনের একপর্যায়ে মেয়ের চালানো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাবাকে ধাক্কা দেয়। গাড়িটি তাকে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় আবদুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর তার মেয়ে ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে মাদক বা অ্যালকোহলের কোনো ভূমিকা পাওয়া যায়নি। ঘটনাটি এখনো তদন্ত করছে ওয়ারেন পুলিশের ট্রাফিক দুর্ঘটনা তদন্তকারী দল।

পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুর রহিমের বাড়ি ঢাকার ধানমন্ডিতে। প্রায় সাত বছর আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি দুই মেয়ে ও এক ছেলের বাবা ছিলেন। তার একমাত্র ছেলে বাংলাদেশে থাকেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবদুর রহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মিশিগানের বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মেয়েকে গাড়ি চালানো শেখানোর মতো স্বাভাবিক একটি পারিবারিক মুহূর্ত যে এভাবে মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হবে, তা কেউই ভাবেননি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।