BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০
আজকের সর্বশেষ সবখবর

চীনের আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ২৫


আগস্ট ২, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Link Copied!

চীনের গানসু প্রদেশে গত সপ্তাহের আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

রোববার বার্তা সংস্থা সিনহুয়া মৃত্যুর সংখ্যা বাড়ানোর পাশাপাশি ২৩ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে।

এর আগে প্রাথমিক প্রতিবেদনগুলোতে গানসুর তিংশি শহরের ওয়েইইউয়ান কাউন্টিতে ২৬ জুলাই মুষলধারে বৃষ্টির মধ্যে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছিল।

চীনের দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ বিষয়ক জাতীয় কমিশন গানসুর প্রাদেশিক কর্তৃপক্ষগুলোকে ঘটনার বিষয়ে তদন্ত ও মূল্যায়ন তৈরি করার অনুরোধ জানিয়েছে।

বৃষ্টি অব্যাহত থাকায় গানসুর কর্তৃপক্ষ তিংশিসহ বিভিন্ন স্থানে আরও ভূমিধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে। রোববার বেইজিং ও আন্তঃমঙ্গোলিয়াও সামাজিক মাধ্যমে আবহাওয়া সতর্কতা জারি করেছে।

সিচুয়ান প্রদেশের বিশাল অংশজুড়ে ভারি ও কখনো কখনো প্রবল বৃষ্টিপাত হচ্ছে। চীনা সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, প্রদেশটির বিভিন্ন অংশ থেকে ৬৪৬০৯ জনকে সরিয়ে নেওয়া হয়েছে আর বর্ষা ঋতু শুরু হওয়ার পর থেকে প্রদেশটির আট লাখ ৮১ হাজার বাসিন্দাকে স্থানান্তরিত করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।