BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১০
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ দস্যুর আত্মসমর্পণ


জুলাই ১৪, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোংলায় সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ তার দলের ২৭ জন সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র ও ৩৪০ রাউন্ড গুলি জমা দেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সদস্য অস্ত্র ও গুলিসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরে জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন।

এ সময় তারা ২৭টি আগ্নেয়াস্ত্র, ৩৪০ রাউন্ড তাজা গুলি ও ৫৫ রাউন্ড ফাঁকা গুলি জমা দেন। আত্মসমর্পণ করা এসব দস্যুদের বাড়ী খুলনা, বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন এলাকায়। আত্মসমর্পণ করার পর এ দস্যুদেরকে দুপুরে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়। থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ২১ মে ছোট সুমন বাহিনী প্রধান সুমনসহ ৭ দস্যু ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। এরপর গত ৯ জুলাই বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ দস্যু ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড তাজা গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে।

এ আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্টগার্ড, পুলিশ, বিজিবি, র‍্যাব ও বনবিভাগসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।