BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ১৪২ বাংলাদেশিসহ ১৪৩৫ অভিবাসী আটক


মে ৩১, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যৌথবাহিনীর অভিযানে এক হাজার ৪৩৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৪২ জন বাংলাদেশি রয়েছেন। আটককৃতদের অধিকাংশই পুসাত বন্দর উতারা এলাকার জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) রোহিঙ্গা কার্ডধারী।

শুক্রবার (৩০ মে) দেশটির স্থানীয় গণমাধ্যম মালয় মেইলের এক  প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মালয়েশিয়ান যৌথবাহিনী জেনারেল অপারেশনস ফোর্স (জিওপি) স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে অভিযান শুরু করে, যা শেষ হয় শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৬টায়। এসময় কুয়ালালামপুরের সবচেয়ে বড় পাইকারি বাজারের ব্যবসায়িক কেন্দ্রসহ এবং দোকানপাটের প্রবেশপথ ও বাহির হওয়ার পথ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

যৌথ এই অভিযানে অংশ নেয় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৫৬০ জন কর্মকর্তা ও সদস্য।

বুকিত আমান অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিভাগের (পিজিএ) উপ-পরিচালক দাতুক মোহাম্মদ সুজরিন মোহাম্মদ রোধি বলেন, বিশেষ করে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের অবৈধ প্রবেশ রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অভিবাসন আইন লঙ্ঘনকারী অপরাধীদের শনাক্ত করা। এর মধ্যে রয়েছে জাল শরণার্থী কার্ড ব্যবহার, অবৈধভাবে পরিচালিত ব্যবসা এবং ভাড়া করা বাসস্থানকে ঘিরে নানা অনিয়ম বন্ধ করা।

তিনি আরও বলেন, অভিযানে মোট ২২৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ভাড়া করা বিভিন্ন আবাসিক এলাকা থেকে ১ হাজার ২২২ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক, ১৪২ জন বাংলাদেশি, নয়জন ভারতীয়, চারজন ইন্দোনেশিয়ান ও একজন নেপালি নাগরিককে আটক করা হয়েছে।

সুজরিন জানান, বৈধ ভ্রমণ নথিপত্র এবং প্রকৃত শরণার্থী কার্ডধারী বেশিরভাগ বিদেশীকে তাদের যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পরবর্তী পদক্ষেপের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে তদন্তপূর্বক অভিযোগ গঠন করা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।