BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৮
আজকের সর্বশেষ সবখবর

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছে


জুলাই ১৪, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাতারের সাবেক আমির এবং দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে মারা গেছেন।

রোববার (১২ জুলাই) কাতারের রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলা হয়, আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস রেখে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানানো হচ্ছে। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত ও মহান আল্লাহর রহমত কামনা করা হয়েছে।

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলে প্রাকৃতিক গ্যাস ও জ্বালানি সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমে কাতার দ্রুত অর্থনৈতিক উন্নয়ন অর্জন করে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আন্তর্জাতিক কূটনীতিতে দেশটির অবস্থান আরও শক্তিশালী হয়।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেন। এরপর থেকে তিনি ‘ফাদার আমির’ হিসেবে পরিচিত ছিলেন এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিয়ে আসছিলেন।

শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয়ভাবে তার জানাজা এবং শোক পালনের বিস্তারিত কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।