BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৩
আজকের সর্বশেষ সবখবর

বালিঙ্গা নবজাগরণ কিশোর সংঘের উদ্যোগে বদলে যাচ্ছে বালিঙ্গার প্রধান সড়ক


মে ১৪, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধি::- দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে শেওলা পল্লী বিদ্যুৎ সড়কের বালিঙ্গা গ্রামের প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। বালিঙ্গা নবজাগরণ কিশোর সংঘ-এর উদ্যোগে এবং বালিঙ্গা দারুল হাদিস ইউকে ট্রাস্ট ও স্থানীয় সাধারণ মানুষের অর্থায়নে বাস্তবায়িত এই উদ্যোগে এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিদিন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষকে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করত।

অবশেষে স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ কিশোর সংঘের উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে আশার সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বহুদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে এবং যাতায়াত ব্যবস্থা হবে আরও সহজ ও নিরাপদ।

সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘের সভাপতি মনজুর আলম খান, সাধারণ সম্পাদক ইমন চৌধুরী, সহ-সভাপতি শিপলু হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আছকার খান এমন, কোষাধ্যক্ষ সুমন খান, সাবেক সভাপতি আকমল চৌধুরীসহ সংঘের অন্যান্য সদস্যরা।সংঘের নেতৃবৃন্দ জানান, এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, মহৎ এই উদ্যোগের জন্য নবজাগরণ কিশোর সংঘ, দারুল হাদিস ইউকে ট্রাস্ট এবং সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।