BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৭
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১০


ডিসেম্বর ২১, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের উপকণ্ঠে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। রোববার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলার ঘটনা।

পুলিশ জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকার্সডাল টাউনশিপে এ হামলা হয়। হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অজ্ঞাতনামা বন্দুকধারীরা রাস্তায় এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।’

গাউতেং প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি বলেন, ১০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, বেকার্সডালের একটি ট্যাভার্ন বা অনুমোদনহীন পানশালার কাছে এই গুলির ঘটনা ঘটেছে। এলাকাটি দরিদ্র এবং দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত।

এর আগে গত ৬ ডিসেম্বরে রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকধারীদের হামলায় তিন বছর বয়সী একটি শিশুসহ ১২ জন নিহত হন।

পুলিশ জানিয়েছে, বেকার্সডালের ঘটনাটি এমন একটি স্থানে ঘটেছে, যেখানে অবৈধভাবে মদ বিক্রি করা হচ্ছিল।

৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধের হার অনেক বেশি। বিশ্বের সর্বোচ্চ হত্যার হারের দেশগুলোর একটি হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত দেশটি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।