অনলাইন ডেস্ক :: ইতালির রোমে পৌঁছার মাত্র এক দিন পরেই মৃত্যুবরণ করেছেন ফেনীর পরশুরামের সোহাগ দেওয়ান (৩২)।
গত শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ থেকে বিমানে ইতালির উদ্দেশে যাত্রা করেন তিনি। পরদিন রবিবার (১৭ আগস্ট) বিকেলে রোমে পৌঁছেন। সেদিন রাতে পরিচিতজনদের সঙ্গে সময় কাটানোর পর ভোর ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।
জানা যায়, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেন সোহাগ। সেই বছরের ২ জুলাই ইতালিতে তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) ইস্যু হয়। পরবর্তী সময়ে ১৭ জুলাই ঢাকায় ইতালীয় দূতাবাসের ভিসা অফিস, ভিএফএস গ্লোবালে জমা দেন ভিসার আবেদনপত্র। মাত্র ১০ দিনের মধ্যে হাতে পেয়ে যান ইতালির ভিসা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোহাগের গলায় ঠাণ্ডাজনিত টনসিল ছিল। বিমানযাত্রা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও ঠাণ্ডার কারণে টনসিল ব্রাস্ট হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
সোহাগের আকস্মিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তার মৃত্যু ও ইতালি পাঠাতে ব্যয় করা বিপুল অর্থ নিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার স্বজনরা।
এদিকে, তার মৃত্যুতে শোকাহত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। তারা বলছেন, সাধারণত ওয়ার্ক পারমিটের আবেদন করার পর ভিসা পেতে অনেককেই ২-৩ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। অথচ সোহাগ মাত্র ১০ দিনের মধ্যেই ভিসা হাতে পান। কিন্তু ইতালি পৌঁছার একদিন পরই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে প্রবাসীদের মাঝে।
