বিডি সিলেট::সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) জোন অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই বিনয় ভূষন চক্রবর্তী, এএসআই লব কুমার শাহা ও সঙ্গীয় ফোর্সসহ কানাইঘাট পৌরসভার অন্তর্গত কানাইঘাট বাজারস্থ আইয়ুব আলী মার্কেট এর সামনে হতে অভিযান পরিচালনা করে চোরাই পথে ভারত থেকে আসা দুইটি মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কানাইঘাট থানার ডালাইর চর গ্রামের আব্দুর খালেক এর ছেলে রিয়াজ মিয়া (৩০) ও আলী হোসেন (২৬)।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, কানাইঘাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১ লাখ ৯৮ হাজার টাকা দামের ১৫০ সিসি একটি সুজুকি জিক্সার ও ১ লাখ ৮০ হাজার টাকা দামের একটি পালসার মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। দুটি গাড়িই ভারত থেকে অবৈধ উপায়ে নিয়ে আসা হয়েছিলো।
এ ঘটনায় এসআই বিনয় ভূষণ চক্রবর্তী বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
