BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটসহ ৫ সিটিতে নৌকার মনোনয়ন পেলেন যারা


এপ্রিল ১৫, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এই পাঁচ সিটিতে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত, খুলনায় তালুকদার আব্দুল খালেক, রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন ও গাজীপুরে আজমত উল্লাহ খান।

 শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের সভায় এটি চূড়ান্ত হয়েছে।

প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গত ৯-১২ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। পাঁচ সিটি করপোরেশন ছাড়াও ময়মনসিংহ জেলার তারাকান্দা, চট্টগ্রাম জেলার সন্দ্বীপ, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে, কক্সবাজার, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী, বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালোড়া, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে ও সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের কাছে মনোনয়নপত্র বিক্রি করা হয়।

এদিকে, নির্বাচন কমিশন পাঁচ সিটিতে ভোটের জন্য তপশিল ঘোষণা করেছে। জাতীয় নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত হলেও সিটি করপোরেশনের ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

ঘোষিত তপশিল থেকে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। খুলনা ও বরিশাল সিটিতে ১২ জুন এবং রাজশাহী ও সিলেটে ভোট হবে ২১ জুন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।