BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮
আজকের সর্বশেষ সবখবর

ফুসকার খাবারে কবুতরের বিষ্ঠা-পচা ডিম, জরিমানা


আগস্ট ২৭, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফুসকার জন্য প্রস্তুত খাবারে কবুতরের বিষ্ঠা এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদনের জন্য কারখানাকে জরিমানা করা হয়েছে। কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বগুড়া শহরের মালতিনগর এলাকার ওই ফুচকা ও চটপটি তৈরির কারখানায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

জানা গেছে, শহরে ‘ভাই-বোন’ ফুচকার আকর্ষণীয় আউটলেট থাকলেও রান্নার জায়াগা ছিল অস্বাস্থ্যকর। খাবারে ইঁদুর ও কবুতরের বিষ্ঠার উপস্থিতির পাশাপাশি অভিযানে ফুটন্ত গরম টক ফুড-গ্রেডবিহীন প্লাস্টিকের পাত্রে রাখা এবং বেশ কয়েক দিন আগের সিদ্ধ করা পঁচা ডিম পাওয়ার প্রমাণ মেলে। এ ছাড়া চটপটি ও ফুচকা তৈরিতে ব্যবহৃত গাঁজর ও শসার বড় একটি অংশই ছিল পচা ও মানহীন।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহজালাল। তিনি জানান, বাইরের চাকচিক্যের পেছনে কারখানার ভেতরের পরিবেশ ছিল স্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। ইঁদুরের উপদ্রব, কবুতরের বিষ্ঠা ও পচা কাঁচামাল দিয়ে খাবার তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তারা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেছেন।

তিনি আরো জানান, কারখানা কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করে পরিবেশ উন্নত করার জন্য ১২ দিনের সময় চেয়েছে। এই ১২ দিন কারখানাটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তীতে নিরাপদ খাদ্য পরিদর্শনের পর কর্তৃপক্ষ সন্তোষজনক পরিবেশ পেলে পুনরায় চালুর অনুমতি দেবে।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, নিয়মিত ভেজালবিরোধী মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। প্লাস্টিকের নন-ফুডগ্রেড পাত্রে গরম খাবার রাখা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জনস্বার্থে যৌথ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।