বিডিসিলেট ডটকম : দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন চা-শ্রমিকরা। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় জড়ো হন তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়া, জগদীশপুর, লস্করপুর ভ্যালিসহ ২৩টি বাগানের কয়েক হাজার শ্রমিক। এসময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যানজটে আটকা পড়ে তীব্র গরমে অবর্ণনীয় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বেলা সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ চলছিল।
লস্করপুর ভ্যালির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাড়াইক বলেন, আমাদের লস্করপুর ভ্যালির ২৩টি চা-বাগানের বাগান পঞ্চায়েত নিয়ে আমরা বসেছিলাম। তারা সবাই ১৪৫ টাকা মজুরিতে ধর্মঘট প্রত্যাহারে অস্বীকৃতি জানান। মনু ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউরি বলেন, ‘আমাদের শ্রমিকেরা ১৪৫ টাকা মজুরি মানছেন না। আমরা প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই, যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে তাহলে আমরাও স্বাধীন হয়ে বাঁচতে চাই।
আমাদের কেন মানসিকভাবে নির্যাতন করছেন?’
তিনি আরও বলেন, ‘করোনাকালে যখন সবকিছু বন্ধ ছিল, তখনো আমাদের শ্রমিকরা করোনার ভয় কাটিয়ে কাজ করে গেছেন। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ২৩টি চা বাগানে কাজ বন্ধ থাকবে। দাবি আদায়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আমরা প্রত্যাহার করলাম। এ ব্যাপারে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, সারাদেশে ধর্মঘট চলবে।
