BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৯
আজকের সর্বশেষ সবখবর

সুন্দর কণ্ঠস্বরে আজান দেওয়ার বিধান


নভেম্বর ২৩, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

ড. মুহাম্মদ তাজাম্মুল হক : আজান ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিআর বা ধর্মীয় নিদর্শন। এটি শুধু নামাজের সময় জানানোর ঘোষণা নয়, বরং তাওহিদের আহবান, ইসলামের পরিচয় ও মুসলিম সমাজের ধর্মীয় চেতনার প্রকাশ। তাই আজানের শব্দ, উচ্চারণ, কণ্ঠস্বর ও পরিবেশনার ক্ষেত্রে সৌন্দর্য ও শুদ্ধতা উভয়ই গুরুত্বপূর্ণ।

আজান পরিবেশনের ক্ষেত্রে দুটি বিষয়ের মধ্যে পার্থক্য বোঝা জরুরি। একটি হলো তাহসিনুস সাওত তথা কণ্ঠস্বর সুন্দর ও শ্রুতিমধুর করা। অন্যটি হলো তাগান্নি ও তাতরিব অর্থাৎ আজানকে গানের মতো করে পরিবেশন করা কিংবা কৃত্রিম সুরের ওঠানামা সৃষ্টি করা।

প্রথমটি মুস্তাহাব বা প্রশংসনীয়; কিন্তু দ্বিতীয় ও তৃতীয়টি মাকরুহ, বিশেষত যখন এর ফলে আজানের স্বাভাবিক গাম্ভীর্য, শব্দের শুদ্ধতা ও অর্থের যথার্থতা ক্ষুণ্ন হয়। সুতরাং আজানের সৌন্দর্য প্রকাশ পাবে কণ্ঠের স্বাভাবিক মাধুর্য, স্পষ্ট উচ্চারণ, পরিমিত দীর্ঘায়ন এবং বিনয়পূর্ণ পরিবেশনার মাধ্যমে; গানের অনুকরণে নয়।

আজানে কণ্ঠস্বর সুন্দর করার শরয়ি ভিত্তি

আজানে সুন্দর কণ্ঠস্বর ব্যবহার করা মুস্তাহাব। মুয়াজ্জিনের কণ্ঠস্বর স্বাভাবিকভাবে সুন্দর, শ্রুতিমধুর ও আকর্ষণীয় হলে তা আজানের সৌন্দর্য বৃদ্ধি করে। এর উদ্দেশ্য শ্রোতাকে আজানের প্রতি আকৃষ্ট করা এবং নামাজের আহবানকে হৃদয়গ্রাহী করে তোলা। এ বিষয়ে সুন্নাহে প্রমাণ পাওয়া যায়। আবদুল্লাহ বিন জায়িদ (রা.) আজানের স্বপ্ন দেখার পর নবীজি (সা.) তাঁকে নির্দেশ দেন, তিনি যেন আজানের বাক্যগুলো বেলাল (রা.)-কে শিখিয়ে দেন। কেননা বেলাল (রা.)-এর কণ্ঠস্বর তাঁর চেয়ে অধিক উচ্চকিত ও শ্রুতিমধুর ছিল। হাদিসে বলা হয়েছে, ‘নিশ্চয়ই তাঁর কণ্ঠস্বর তোমার চেয়ে অধিক শ্রুতিমধুর। ’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৯)

ইবনে কুদামাহ (রহ.) বলেন, মুয়াজ্জিনের কণ্ঠস্বর উচ্চকিত ও শ্রুতিমধুর হওয়া মুস্তাহাব। কেননা সুন্দর কণ্ঠস্বর শ্রোতার হৃদয়ে অধিক প্রভাব সৃষ্টি করে। (আল-মুগনি : ১/৩০১)

এ ক্ষেত্রে মুয়াজ্জিনের উদ্দেশ্য হবে সুন্নাহ অনুসরণ এবং মানুষকে নামাজের প্রতি আকৃষ্ট করা, নিজের কণ্ঠের প্রশংসা অর্জন করা নয়। এখানে তাহসিনুস সাওত বলতে কণ্ঠের স্বাভাবিক মাধুর্য, শব্দের স্পষ্টতা, সঠিক উচ্চারণ এবং পরিমিত সুরের মাধ্যমে আজানকে শ্রুতিমধুর করে তোলা বোঝায়।

আজানে তাগান্নি ও তাতরিবের বিধান

আজানে কণ্ঠস্বর সুন্দর করা এবং আজানকে গানের মতো করে পরিবেশন করা এক বিষয় নয়। এ দুটির মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। মুজতাহিদ আলিমরা এ বিষয়ে নির্দেশনামূলক মতামত দিয়েছেন এবং তাঁরা কিছু পরিভাষা ব্যবহার করেছেন—

ক. তাগান্নি : আজানের শব্দগুলোকে গানের মতো সুরে পরিবেশন করা।

খ. তাতরিব : কৃত্রিমভাবে সুরের ওঠানামা সৃষ্টি করা, অক্ষর ও শব্দকে অতিরিক্ত টেনে দীর্ঘায়িত করা এবং সুরের কারুকাজের মাধ্যমে আজানের স্বাভাবিক ধ্বনি ও গাম্ভীর্য পরিবর্তন করা।

গ. তামতিত : অক্ষর ও শব্দকে প্রয়োজনের অতিরিক্ত দীর্ঘায়িত করা।

ঘ. লাহন : আরবি ভাষার নিয়ম এবং শব্দের সঠিক উচ্চারণের পরিপন্থী ভুল উচ্চারণ।

আজানে গানের মতো সুরের ব্যবহার, বিশেষত অতিরিক্ত সুরের ওঠানামা এবং অক্ষরগুলোকে অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত করা মাকরুহ বা অপছন্দনীয়। এসবের মধ্যে বিশেষত তাগান্নি ও তাতরিবের অতিরঞ্জিত ব্যবহার পরিহারযোগ্য। এগুলো আজানের উদ্দেশ্য, স্বাভাবিকতা, বিনয় ও গাম্ভীর্যের পরিপন্থী। তবে এর ফলে যদি শব্দের অর্থ পরিবর্তিত না হয়, তাহলে আজান আদায় হয়ে যাবে। আর যদি অর্থ পরিবর্তিত হয়ে যায়, তাহলে তা নিষিদ্ধ এবং সে ক্ষেত্রে আজানও শুদ্ধ হবে না।

ইবনু আবি শায়বা (রহ.) তাঁর গ্রন্থে ওমর ইবনে আবদুল আজিজ (রহ.)-এর একটি নির্দেশনা তুলে ধরেছেন, ‘এক ব্যক্তি আজান দিল এবং তার আজানে অতিরিক্ত সুরের ব্যবহার করল। তখন ওমর ইবনে আবদুল আজিজ (রহ.) তাকে বললেন, তুমি স্বাভাবিক ও সাবলীলভাবে আজান দাও, অন্যথায় আজান দেওয়া থেকে বিরত থাকো। (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ২৫৯)

এখানে ‘আজানান সামহান’ অর্থ হলো অতিরিক্ত সুরারোপ ও উচ্চারণগত ভুল ছাড়া সহজ, স্বাভাবিক ও সাবলীলভাবে আজান দেওয়া। (আল-মাগরিব ফি লুগাতিল ফিকহ, পৃষ্ঠা-২৩৪)

ইমাম মালিক (রহ.) আজানে তাতরিব বা অতিরিক্ত সুরের ব্যবহারকে অত্যন্ত অপছন্দ করতেন। (আল-মুদাওয়ানাহ : ১/১৫৯)

ইমাম শাফেয়ি (রহ.) বলেন, ‘আমি পছন্দ করি যে আজান ধীরস্থির (তারতিল), স্পষ্ট ও সুন্দরভাবে (তাবায়্যুন) উচ্চারণ করা হবে। তবে অক্ষরগুলোকে অতিরিক্ত টেনে দীর্ঘায়িত করা (তামতিত), কথাকে গানের মতো সুরারোপ করা (তাগান্নি) কিংবা তাড়াহুড়া করে (তাজিল) আজান দেওয়া উচিত নয়।’ (আল-উম্ম : ১/১০৭)

আধুনিক যুগের ফাতাওয়া

আল-মাওসুআ আল-ফিকহিয়্যাহতে বলা হয়েছে, ফকিহরা একমত হয়েছেন যে আজানের শুরুতে ও শেষে অক্ষর, স্বরচিহ্ন কিংবা মাদের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি করে শব্দকে দীর্ঘায়িত করা, গানের মতো সুরারোপ করা এবং অতিরিক্ত সুরের ওঠানামা সৃষ্টি করা মাকরুহ। কেননা এসব আচরণ আজানের বিনয়, একাগ্রতা ও গাম্ভীর্যের পরিপন্থী। তবে গানের মতো সুরারোপ ও অতিরিক্ত সুরের ব্যবহার যদি এমন পর্যায়ে পৌঁছে যে তাতে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায়, তাহলে তা সর্বসম্মতিক্রমে হারাম। (আল-মাওসুআ আল-ফিকহিয়্যাহ : ৬/১২)

শায়খ ইবন উসাইমিন (রহ.) আজানকে সুরারোপ করে পরিবেশন করার বিষয়ে বলেন, কেউ যদি আজানকে এমনভাবে সুরারোপ করে দেয়, যেন সে কোনো গানের শব্দগুলো টেনে টেনে পরিবেশন করছে, তাহলে তার আজান আদায় হয়ে যাবে; তবে এ ধরনের কাজ মাকরুহ। আরবি ভাষার ব্যাকরণবিরোধী উচ্চারণগত ভুল বা লাহন দুই প্রকার : ১. যে ভুলের কারণে শব্দের অর্থ পরিবর্তিত হয়ে যায়। এ ধরনের ভুলের কারণে আজান শুদ্ধ হবে না; ২. যে ভুলের কারণে শব্দের অর্থ পরিবর্তিত হয় না। এ ক্ষেত্রে আজান শুদ্ধ হবে, তবে তা মাকরুহ। (আশ-শারহুল মুমতি : ২/৬২)

সর্বোপরি আজান একটি ইবাদত ও ইসলামের স্বতন্ত্র ধর্মীয় নিদর্শন। এর সৌন্দর্য শুধু কণ্ঠের মাধুর্যে নয়; বরং এর শব্দের শুদ্ধতা, উচ্চারণের স্পষ্টতা, পরিবেশনার স্বাভাবিকতা এবং অন্তর্নিহিত গাম্ভীর্যের মধ্যেও নিহিত। আলিমরা আজানে সুন্দর কণ্ঠস্বরকে উৎসাহিত করেছেন। তাই তাহসিনুস সাওত বা কণ্ঠস্বরের সৌন্দর্য বৃদ্ধি করা মুস্তাহাব। কিন্তু তাগান্নি ও তাতরিবের মাধ্যমে আজানকে গানের মতো করে পরিবেশন করা গ্রহণযোগ্য নয়। বিশেষত অতিরিক্ত সুরারোপের কারণে শব্দের অর্থ পরিবর্তিত হলে তা হারাম এবং আজানও অশুদ্ধ হয়ে যায়।

লেখক : অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।