BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২০
আজকের সর্বশেষ সবখবর

অন্যের দোষ-ত্রুটি গোপন রাখার ফজিলত


নভেম্বর ১৪, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাসুলুল্লাহর (সা.) সাহাবি উকবা ইবনে আমের (রা.) মিশরের গভর্নর ছিলেন। তার পাশের বাড়ির ভেতরে কিছু মানুষ মদ পান করত। মদ ইসলামে সম্পূর্ণ হারাম এবং কঠিনভাবে নিষিদ্ধ। শরিয়তে মদের নির্ধারিত শাস্তি হলো চল্লিশ বা আশি চাবুক বা বেত্রাঘাত, যা ইসলামি রাষ্ট্রে পুলিশ বা প্রশাসন কার্যকর করে থাকে।

একদিন উকবা ইবনে আমেরের (রা.) সেক্রেটারি বা পিএস এসে বলল, আমাদের প্রতিবেশীরা ঘরের ভেতরে দরজা বন্ধ করে মদ খাচ্ছে, পুলিশ ডেকে আনবো কি না? তখন তিনি বললেন, ‘না, খবরদার! ওদের বেইজ্জত করো না। পুলিশ জানলে তো খবর চারদিকে ছড়িয়ে পড়বে এবং বেচারা বেইজ্জত হয়ে যাবে। তুমি বরং ওদের হেদায়েত করো, নসিহত করো এবং বোঝাও।’ সেক্রেটারি বললেন, ‘আমি তো বুঝিয়েছি, কিন্তু তারা শোনে না।’ তখন তিনি বললেন, ‘আরও বোঝাও, আরও বোঝাও।’

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেউ যদি কোনো মুসলমানের এমন কোনো দোষ গোপন করে রাখে—যে দোষ প্রকাশ পেলে কেবল তার বেইজ্জতি হওয়া ছাড়া কারো কোনো লাভ নেই এবং যা গোপন থাকলে কারো কোনো ক্ষতি হয় না, বরং তার সম্মান বেঁচে যায়—তাহলে এর বিনিময়ে কেমন সওয়াব পাওয়া যায়? জাহেলি যুগে জীবন্ত মেয়ে শিশুকে পুতে ফেলার পর যদি কেউ দ্রুত গিয়ে সেই কবর থেকে মেয়েটিকে জীবিত উদ্ধার করে আনতে পারত, তবে তাতে আল্লাহ তাআলা যেমন খুশি হতেন এবং বিরাট সওয়াব পাওয়া যেত; কেউ যদি কোনো মুসলমানের দোষ গোপন করে, তবে তার ওপর আল্লাহ তাআলা তেমনই খুশি হন।

এটি আপনি কখন করতে পারবেন? যখন আপনি বুঝতে পারবেন যে, আমার ভাইয়ের দোষ প্রকাশ করে আমার লাভ কী? সে অপমানিত হলে আমার তো লাভ নেই। মুমিন হিসেবে আমরা যখন সবাইকে ভালোবাসব, তখন আমরা এ ধরনের পাপ থেকেও বাঁচতে পারব এবং প্রচুর সওয়াব অর্জন করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর তওফিক দান করুন।

(ড. আব্দুল্লাহ জাহাঙ্গীরের বক্তব্য অবলম্বনে)

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।