BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না


নভেম্বর ১৪, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাহাড়ি ছড়া, নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা, কারাদণ্ড ও মামলা করলেও বিভিন্ন এলাকায় বালু উত্তোলনকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোথাও ভেকু মেশিন দিয়ে, আবার কোথাও শ্রমিক লাগিয়ে চলছে বালু উত্তোলন। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে হুমকির মুখে পড়ছে পরিবেশ, কৃষিজমি, গ্রামীণ সড়ক, সেতু ও বসতবাড়ি।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে মোট ২৮টি বালুমহাল ও কোয়ারি রয়েছে। এর মধ্যে মাত্র দুটি সাধারণ বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। বাকি ২৬টি সিলিকা বালুর কোয়ারি ইজারার বাইরে রয়েছে। আইনি জটিলতার কারণে এসব কোয়ারি দীর্ঘদিন ধরে ইজারা দেওয়া সম্ভব হয়নি। তবে অভিযোগ রয়েছে, ইজারাবিহীন এসব কোয়ারি এবং বিভিন্ন ছড়া ও নদীকে ঘিরেই অবৈধ বালু উত্তোলনের বিস্তার ঘটেছে।

শ্রীমঙ্গলেউপজেলা প্রশাসনের তথ্য বলছে, ২০২৬ সালের আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনাসংক্রান্ত আইনে ১৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১ লাখ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা বালু নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে জমা হয়েছে ২ লাখ ৭০ হাজার ২৫০ টাকা। এর সঙ্গে ৩১ অক্টোবর ও ২ নভেম্বরের আরো দুটি অভিযান যুক্ত হওয়ায় ২ নভেম্বর পর্যন্ত অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ১৮টিতে। কিন্তু এত অভিযানেও বন্ধ হয়নি অবৈধ বালু উত্তোলন।

সর্বশেষ ৩১ অক্টোবর ও ২ নভেম্বর পৃথক দুটি অভিযান চালিয়ে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে প্রায় ২৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, ২ নভেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মির্জাপুর ইউনিয়নের মুড়াছড়া ও বৌলাছড়া ভাঙা পুলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এর আগে ৩১ অক্টোবর একই ইউনিয়নের রায়পরান পশ্চিমপাড়া মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আরো প্রায় ১৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। দুটি অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। জব্দ করা বালু স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হয়েছে।

মোহাম্মদ মিনহাজুল ইসলাম বলেন, অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে কাউকে অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া সম্ভব হয়নি।

এর আগেও সিন্দুরখান, ভূনবীর, মতিগঞ্জ, কালাপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ভেকু মেশিন ও অন্যান্য সরঞ্জাম জব্দ এবং ধ্বংস করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের অভিযান শেষ হওয়ার পরপরই আবারও বিভিন্ন ছড়া ও নদী থেকে বালু উত্তোলনের প্রক্রিয়া শুরু হয়। ফলে অভিযান চললেও স্থায়ীভাবে বন্ধ হচ্ছে না অবৈধ বালু উত্তোলন। অবৈধ বালু উত্তোলন ও পরিবহনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটছে।

এদিকে অবৈধ বালু উত্তোলনের ঘটনায় মামলাও হয়েছে। চলতি বছরের ২ মে ভূনবীর ও মির্জাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশের ক্ষতি করার অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

শ্রীমঙ্গল উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে ৩০টির বেশি পাহাড়ি ছড়া। এসব ছড়া গিয়ে মিলিত হয়েছে হাইল হাওড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য বর্মাছড়া, উদনাছড়া, হরিণছড়া, পুটিয়াছড়া, বিলাশছড়া, ফুলছড়া, কাকিয়াছড়া, আমরাইলছড়া, ইছামতীছড়া, ভুড়ভুড়িয়া, জাগছড়া, সুনাছড়া, নারাইনছড়া, বৌলাছড়া, গিলাছড়া, শিয়ালছড়া, খাইছড়াসহ আরো কয়েকটি ছড়া।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সুরক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউ আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।