BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২০
আজকের সর্বশেষ সবখবর

রানির সঙ্গে গোবিন্দের ঘনিষ্ঠ ছবি, কী বলছেন স্ত্রী সুনীতা?


নভেম্বর ১৪, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

‘রূপা’ সিনেমার সহশিল্পী রানি স্বর্ণকারের সঙ্গে নতুন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলিউড অভিনেতা গোবিন্দ। ছবিগুলোতে দুজনকে আলিঙ্গন করতে এবং হাত ধরে হাঁটতে দেখা গেছে। স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে চলমান আলোচনা ও পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে নতুন ছবিগুলো আবারো তাদের সম্পর্ক নিয়ে কৌতূহল বাড়িয়েছে।

গোবিন্দ, রানি ও তার স্ত্রী সুনীতা আহুজাকে ঘিরে কয়েক মাস ধরেই চলছে নানা আলোচনা। গোবিন্দ বরাবরই রানির সঙ্গে নিজের সম্পর্ককে পেশাগত বলে দাবি করে আসছেন। অন্যদিকে, সুনীতা তাদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেছেন এবং এই সহ-শিল্পীকে ঘিরে অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবও দিয়েছেন রানি।

ইনস্টাগ্রামে ছবিগুলো প্রকাশ করে রানি লিখেছেন, “রূপার কিছু সুন্দর মুহূর্ত।” ছবিতে গোবিন্দার পরনে ছিল সাদা ব্লেজার, কালো ট্রাউজার ও বড় আকারের সানগ্লাস। অন্যদিকে, ল্যাভেন্ডার রঙের শাড়ির সঙ্গে নকশা করা বেগুনি ব্লাউজ, নজরকাড়া চোকার ও মানানসই অলংকার পরেছিলেন রানি।

একটি ছবিতে দেখা যায়, গোবিন্দ পেছন থেকে রানির কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। অন্য ছবিতে দুজনকে হাত ধরে হাঁটতে দেখা যায়।

২০২৬ সালের বেশিরভাগ সময়জুড়েই গোবিন্দ ও রানিকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। গত সেপ্টেম্বরে মুম্বাইয়ের লালবাগচা রাজার মণ্ডপে আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারা। পরে গোবিন্দ জানান, ‘রূপা’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট কারণেই সেখানে গিয়েছিলেন তারা।

গুঞ্জন প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে গোবিন্দ বলেন, এসব দাবি তার ভাবমূর্তি নষ্ট করা এবং পরিবারের মধ্যে দূরত্ব তৈরির উদ্দেশ্যে ‘সুপরিকল্পিত ষড়যন্ত্র’। রানির সঙ্গে তার সম্পর্ক যে কেবল পেশাগত, তা-ও আবার স্পষ্ট করেন অভিনেতা।

গোবিন্দর ভাষ্য, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও তা অন্য কারো জানার বিষয় নয়। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা হওয়ায় অসন্তোষও প্রকাশ করেন তিনি।

সমালোচনার জবাব রানির, সুনীতাকে নিয়ে অভিযোগ

ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ এক বিবৃতি দিয়ে বিতর্কের জবাব দিয়েছিলেন রানি। সেখানে সরাসরি সুনীতার নাম উল্লেখ না করলেও গোবিন্দের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সমালোচনার জবাব বলেই মনে করা হয়।

রানি লেখেন, “আগেই ভেঙে যাওয়া একটি সংসার কেউ কখনো ভাঙতে পারে না।”

জনসমর্থন পেতে সুনীতা নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরছেন বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে, তাদের দাম্পত্য সমস্যায় রানিকে কেন জড়ানো হচ্ছে, সেই প্রশ্নও তোলেন।

রানির আরো অভিযোগ, সুনীতা বছরের পর বছর গোবিন্দের ক্ষতি করার চেষ্টা করেছেন। তার দাবি, গোবিন্দ মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, পেশাগত সুযোগ পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়েছেন এবং তাকে ঘরে থাকতে চাপ দেওয়া হয়েছে। এসব কারণে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন রানি।

ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আলোচনা করার জন্যও সুনীতার সমালোচনা করেন তিনি। তার মন্তব্য, এসব বক্তব্যের পেছনে বড় কোনো পরিকল্পনা থাকতে পারে। বিতর্কে নিজের নাম না জড়ানোর অনুরোধ জানিয়ে রানি লেখেন, “নিজের উদ্দেশ্য পূরণে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন। ঈশ্বর যেন প্রত্যেক ভদ্র পুরুষকে এমন ধূর্ত নারীদের হাত থেকে রক্ষা করেন।”

তবে, রানির এসব অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো জবাব দেননি গোবিন্দ বা সুনীতা।

দাম্পত্য টিকিয়ে রাখার আশাবাদ সুনীতার

গোবিন্দ ও রানিকে নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন সুনীতাও। তিনি রানিকে গোবিন্দের ‘সুগার ড্যাডি’ বলে উল্লেখ করেছিলেন। এমনকি পাপারাজ্জিদের প্রশ্নের জবাবে গোবিন্দ ও রানি বিয়ে করার পরিকল্পনা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

একই সময়ে গোবিন্দের সঙ্গে নিজের সম্পর্ক ভালো হওয়ার আশাও প্রকাশ করেছেন সুনীতা। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে চার দশকের দাম্পত্য সম্পর্ক টিকে থাকবে বলে আত্মবিশ্বাসের কথা জানান তিনি।

সুনীতা বলেন, “অবশ্যই, আমরা দেখব—কেন দেখব না? এই মুহূর্তে সময় আমাদের পক্ষে নেই, আর সময়ের সঙ্গে তো লড়াই করা যায় না। ৪০ বছরের সংসার, সেটা কেন টিকবে না? ঠিক আছে, সে যা পছন্দ করে তা-ই করছে। আমি কাজ করছি, আমার পুরো মনোযোগ এখন কাজে। কিন্তু, এই জীবনে কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না।”

সুনীতা আরো জানান, বিষয়টি তিনি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন। তাদের দুজনের জন্য যা সঠিক হবে, সেটাই মেনে নেবেন তিনি।

দ্বিতীয় বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন গোবিন্দের ম্যানেজার

গোবিন্দ ও রানি বিয়ে করতে যাচ্ছেন—সুনীতার এমন অভিযোগের পর মুখ খুলেছেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। দ্বিতীয় বিয়ের সম্ভাবনা সরাসরি নাকচ করে তিনি বলেন, “এমন কিছু নেই, আর এমন কিছু ঘটবেও না। দ্বিতীয় বিয়ে হচ্ছে না। সুনীতা তার স্ত্রী। নিশ্চয়ই তার মনে কিছু চলছে, সে কারণেই এমন দাবি করেছেন।” ১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ ও সুনীতা। তাদের দুই সন্তান রয়েছে।  ইন্ডিয়া টুডে অবলম্বনে

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।