BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৩
আজকের সর্বশেষ সবখবর

শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান


নভেম্বর ৯, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে চিত্রনায়িকা পরীমণির বাগ্‌বিতণ্ডা ও উত্তপ্ত আচরণের ঘটনায় মন্তব্য করেছেন ঢালিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী রিনা খান। তার মতে, এ ধরনের আচরণ একজন শিল্পীর জন্য যেমন অনুচিত, তেমনি পুরো শিল্পীসমাজের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধরের মামলায় গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে হাজিরা দিতে যান পরীমণি। সেখানে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তোলেন তিনি। এ সময় ওই সাংবাদিকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে রিনা খান বলেন, রাগের বশে অনেকে গালাগালি করে ফেলেন। তবে এ ধরনের আচরণ করা উচিত নয়। গণমাধ্যমের মাধ্যমেই শিল্পীরা পরিচিতি পান। তাদের সুনাম যেমন গণমাধ্যমে প্রকাশিত হয়, তেমনি দুর্নামও ছড়ায় গণমাধ্যমের মাধ্যমে। তাই এমন কোনো কথা বা আচরণ করা উচিত নয়, যার দায় পুরো শিল্পীসমাজের ওপর পড়ে।

পরীমণির আচরণকে পুরো শিল্পীসমাজের জন্য কলঙ্কজনক উল্লেখ করে রিনা খান বলেন, ‘আমি কেন হাজার হাজার মানুষের সামনে খারাপ কথা বলব? এটা তো একজন শিল্পীর না, পুরো শিল্পী জাতির ওপর কলঙ্ক। এটা ঠিক হয়নি।’

তিনি আরও বলেন, কোনো শিল্পীর কারও প্রতি ক্ষোভ থাকলে তা প্রকাশ্যে না বলে আলাদা করে জানানো উচিত। রিনা খান বলেন, ‘আপনার কোনো ক্ষোভ থাকলে আপনি তাকে আলাদা ডেকে নিয়ে বলতে পারেন।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।