ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য সোমবার আবেদন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি চিঠি থেকে এ তথ্য জেনেছে।
২০২৪ সালে দেশ ছাড়ার পর এই প্রথম তিনি এ ধরনের কোনো আবেদন করলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
দুই বছরের বেশি সময় আগে রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মুখে তার দীর্ঘ শাসনের অবসান হয়। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।
এমন পরিস্থিতিতে তার দেশে ফেরার উদ্যোগ নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে। হাসিনা এর আগে রয়টার্সকে জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
সোমবার তার আইনজীবীরা রয়টার্সকে জানান, দেশে ফেরার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তারিখ ঘোষণা করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারতে অবস্থান করে হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
হাসিনার আইনজীবী প্রতিষ্ঠান লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে ওই চিঠি দিয়েছেন। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে।
চিঠিতে আইনজীবীরা লিখেছেন, ‘এ অবস্থায় আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’ হাসিনার বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও দলিলের আওতায় থাকা বাধ্যবাধকতা মেনে এ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
