BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২৩
আজকের সর্বশেষ সবখবর

বাজার থেকে যে ৪ কাটা সবজি ও ফল কিনলেই বিপদ


নভেম্বর ৯, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

সময় বাঁচাতে বাজার থেকে কাটা ফল কিংবা প্যাকেটজাত সবজি কিনে আনেন অনেকেই। বিশেষ করে সালাদ, ফলের প্লেট কিংবা রান্নার প্রস্তুতিতে এসব খাবার বেশ সুবিধাজনক। কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে থাকতে পারে স্বাস্থ্যঝুঁকি।

খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কিছু ফল ও সবজি আগে থেকে কেটে রাখলে তাতে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়। ফলে এসব খাবার কাটা অবস্থায় না কিনে আস্ত কিনে বাড়িতে পরিষ্কার করে কেটে নেওয়াই নিরাপদ। খবর ইটিং ওয়েল যুক্তরাষ্ট্রের খাদ্যপ্রযুক্তিবিষয়ক সংস্থা ইনস্টিটিউট অব ফুড টেকনোলজিস্টসের জ্যেষ্ঠ খাদ্যনিরাপত্তা ও ট্রেসেবিলিটি বিজ্ঞানী সারা মরিসের মতে, আস্ত ফল ও সবজির তুলনায় কাটা অবস্থায় বিক্রি হওয়া খাবারে বাড়তি ঝুঁকি থাকে।

কারণ কাটার সময়, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, বিশেষ করে চার ধরনের ফল ও সবজি কেনার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।

১. পাতাযুক্ত শাকসবজি

লেটুস, পালংশাক, কেল কিংবা অন্যান্য পাতাযুক্ত সবজি অনেক সময় প্যাকেটজাত অবস্থায় পাওয়া যায়। প্যাকেটে ‘থ্রিপল ওয়াশড’ লেখা থাকলেও সেগুলো পুরোপুরি জীবাণুমুক্ত এমনটা ভাবার সুযোগ নেই।এসব শাক একসঙ্গে বিপুল পরিমাণে পরিষ্কার ও প্রক্রিয়াজাত করার সময় একটি পাতায় থাকা জীবাণু অন্য পাতাতেও ছড়িয়ে পড়তে পারে। আবার লেটুস বা অন্যান্য শাক ছোট ছোট টুকরো করে কাটার সময় এক অংশ থেকে অন্য অংশে ব্যাকটেরিয়া ছড়ানোর সুযোগ তৈরি হয়। তাই সম্ভব হলে গোটা লেটুস বা আঁটি শাক কিনে বাড়িতে ধুয়ে কেটে নেওয়া ভালো।

২. বাঙ্গি বা ক্যান্টালুপ

বাঙ্গি বা ক্যান্টালুপের বাইরের খোসা জালের মতো খসখসে। এর ছোট ছোট খাঁজে ময়লা ও ব্যাকটেরিয়া আটকে থাকতে পারে। ফলটি কাটার সময় খোসায় থাকা জীবাণু ভেতরের শাঁসে ছড়িয়ে পড়তে পারে। ভেতরের আর্দ্র ও পুষ্টিকর পরিবেশে এসব জীবাণু দ্রুত বংশবিস্তার করতে পারে।২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও কানাডায় প্যাকেটজাত কাটা ক্যান্টালুপ থেকে সালমোনেলা সংক্রমণের ঘটনা ঘটেছিল। তাই ফলটি আস্ত কিনে পরিষ্কার পানির নিচে ভালোভাবে ধুয়ে তারপর কাটার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে ব্রাশ দিয়ে খোসার ময়লা পরিষ্কার করা যেতে পারে। তবে সাবান বা ব্লিচ ব্যবহার করার প্রয়োজন নেই।

৩. টমেটো

আস্ত টমেটো সাধারণত স্বাভাবিক তাপমাত্রায় রাখা যায়। এতে স্বাদ ও গুণগত মান ভালো থাকে। কিন্তু একবার কেটে ফেললে এর ভেতরের অংশ বাতাস ও বাইরের পরিবেশের সংস্পর্শে আসে। ফলে সঠিকভাবে সংরক্ষণ না করলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজনের সময়ই টমেটো কাটুন। কেটে রাখলে দ্রুত ফ্রিজে সংরক্ষণ করুন। বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য টমেটো কাটার বিকল্প হিসেবে চেরি বা গ্রেপ টমেটো ব্যবহার করা যেতে পারে।

৪. শসা

শসার বাইরের আবরণে প্রাকৃতিক মোমের মতো একটি স্তর থাকে, যা ভেতরের অংশকে সুরক্ষা দেয় এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। কিন্তু শসা ছিলে বা কেটে ফেললে সেই সুরক্ষার স্তর নষ্ট হয়। ফলে ভেতরের অংশ বাতাস ও জীবাণুর সংস্পর্শে আসে। এতে শসার সতেজতা কমে যায়, দ্রুত নরম হয়ে পড়ে এবং জীবাণু বৃদ্ধির আশঙ্কাও বাড়ে। তাই আস্ত শসা কিনে খাওয়ার আগে ধুয়ে প্রয়োজনমতো কেটে নেয়াই ভালো।

ফল ও সবজি কেনার সময় যে বিষয়গুলো মনে রাখবেন

খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ফল ও সবজি কেনা থেকে শুরু করে খাওয়া পর্যন্ত কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি।

সম্ভব হলে আগে থেকে কাটা ফল ও সবজির বদলে আস্ত ফল ও সবজি কিনুন।

কেনার আগে ভালোভাবে দেখে নিন। পচা, থেঁতলানো, কাটা বা ক্ষতিগ্রস্ত অংশ থাকলে তা এড়িয়ে চলুন।

খোসা ছাড়ানোর পরিকল্পনা থাকলেও ফল ও সবজি আগে পরিষ্কার পানিতে ধুয়ে নিন।

কাটার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। ছুরি, কাটিং বোর্ড ও রান্নার জায়গাও পরিষ্কার রাখুন।

ফল ও সবজি কাটা বা খোসা ছাড়ানোর পর দ্রুত ফ্রিজে রাখুন।

সময় বাঁচাতে আগে থেকে কাটা ফল ও সবজি কেনা সুবিধাজনক হলেও সব ক্ষেত্রে তা নিরাপদ নয়। বিশেষ করে পাতাযুক্ত শাক, ক্যান্টালুপ, টমেটো ও শসা আস্ত কিনে বাড়িতে প্রস্তুত করাই ভালো। সামান্য সচেতনতা খাবারবাহিত অসুস্থতার ঝুঁকি কমাতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।