BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১১
আজকের সর্বশেষ সবখবর

শান্তও ফিরলেন, ৩ উইকেট নেই বাংলাদেশের


নভেম্বর ২৩, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়ন টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। নরকিয়ার বলে বোল্ড হয়ে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নরকিয়ার বল অফ স্টাম্পের লাইনে পড়ে সামান্য বাইরের দিকে সরে যায়। ড্রাইভ করতে গিয়ে অফ স্ট্যাম্প উড়ে যায় শান্তর। মাত্র ২ বল খেলে ৪ রান করেন তিনি। ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী তাওহীদ হৃদয়।

মাহফিজুল রবিনের বিদায়

৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৪০ বলে ২৩ রান করা মাহফিজুল রবিন নরকিয়ার বলে বোল্ড হন।

দ্বিতীয় ওভারেই উইকেট হারাল বাংলাদেশ

ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হয়ে গেলেন তানজিদ হাসান। মার্কো জানসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়েছেন তানজিদ হাসান তামিম। ক্যাচটি নিয়েছেন উইয়ান মুল্ডার। তানজিদ ৯ বলে ৩ রান করে ফিরেছেন। ৬ রানেই নিজেদের প্রথম উইকেট হারালো বাংলাদেশ। ২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬। ক্রিজে মাহফিজুল ইসলামের সঙ্গী মুমিনুল হক।

ব্যাটিংয়ে টাইগাররা, মিরাজকে বাদ দিয়ে একাদশে ৪ পেসার

সেঞ্চুরিয়ন টেস্টে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে আগে ব্যাট করবে বাংলাদেশ।

টসের পর প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম জানান, আকাশে বৃষ্টির আভাস আছে, আর বলও সুইং করবে, তাই এই সিদ্ধান্ত। সিরিজ জেতার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও তাদের লক্ষ্য।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও টস জিতলে আগে বোলিং করতেন বলে জানান। তার আশা, এই ম্যাচে ক্যাচ মিসের মতো ভুল কমিয়ে আনতে পারবে দল।

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এসেছে। হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও মুশফিকুর রহিমের জায়গায় সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও জাকের আলী। এতে চার পেসার নিয়ে নামছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, লিটন দাস (উইকেটকিপার), মুমিনুল হক, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইয়ান মাল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়া।

বৃষ্টির কারণে টসে বিলম্ব

সেঞ্চুরিয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের টস নির্ধারিত সময়ে হয়নি। বৃষ্টি থেমে গেলেও এখনো মাঠ থেকে কাভার সরানো হয়নি। আকাশে মেঘ রয়েছে, আউটফিল্ডের বেশ কিছু অংশও ভেজা। ফলে খেলা শুরুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। টস ও ম্যাচ শুরুর অপেক্ষা বাড়ছে।

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশন

জোহানেসবার্গ টেস্টে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে পারলে সিরিজ ড্র করবে টাইগাররা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল।

সেঞ্চুরিয়নের উইকেট সাধারণত পেসারদের বাড়তি সুবিধা দেয়। প্রথম টেস্টের মতো এবারও দক্ষিণ আফ্রিকার গতিময় বোলিং আক্রমণ সামলানো বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। স্বাগতিকদের পেস আক্রমণে কাগিসো রাবাদার সঙ্গে এবার যুক্ত হচ্ছেন অ্যানরিখ নরকিয়া। দুই গতিতারকাকে সামলানো কঠিন পরীক্ষা হবে সফরকারীদের জন্য।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।