বিয়ানীবাজার প্রতিনিধি:: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে পশ্চিমপার এলাকায় বেপরোয়া মোটর সাইকেল চাপায় এক ব্যবসায়ী আহত হলে তাকে স্বজনরা হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি গত শনিবার দিবাগত রাত ৮টার দিকে ইউনিয়নের পশ্চিমপার এলাকায় ঘটেছে।
নিহত ব্যবসায়ী এনাম উদ্দিন মাথিউরা ইউনিয়নের ঈদগাহ বাজারের পশ্চিম পাশে রাইসমিলের মালিক ও মসলার ব্যবসায় করতেন।
স্বজনরা জানান, গত শনিবার রাত ৮টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে বিয়ানীবাজার-বহরগ্রাম রাস্তায় যান। এ সময় বিয়ানীবাজারের দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন এবং আঘাত পাওয়া জায়গা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। স্বজনরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম বইছে। সহজ সরল ব্যবসায়ী এনাম উদ্দিনের এমন মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, ‘এনাম ভাই মারা গেছেন শোনে প্রথমে বিশ্বাস করতে পারেনি। ঈদগাহ বাজারে কিংবা ইউনিয়ন অফিসের সামন দিয়ে যাওয়ার সময় ডাক দিতেন, বসতে বললেন। এক সাথে চা খেয়ে কত গল্প করতাম। এখন ওই দিকে ড়েলে আর কেউ নাম ধরে ডাকবে না।’
রোববার দুপুর সোয়া ২টায় পশ্চিমপার শাহজালাল জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
