আইটি ডেস্ক : নানারকম ছাড় এবং উপহার নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে স্মার্টফোন ও ট্যাব মেলা। দেশের ব্যবহারকারীদের আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার দেখার ও কেনার সুযোগ করে দিতে ৬ জানুয়ারি তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। এ মেলা শেষ হবে আজ রাত ৮টায়। করোনা পরিস্থিতির কারণে প্রায় দুই বছর বিরতির পর শুরু হলো ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০২২’। মেলায় থাকছে ফাইভজি প্রযুক্তি নিয়ে চমক। শুরুর দিন মেলায় দেখা যায়, সকাল থেকেই ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থী। বিভিন্ন কোম্পানির প্যাভিলিয়ন ঘুরে দেখছেন তারা।
আয়োজক প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ খান বলেন, আমরা আনন্দিত আবারও সবার জন্য এ মেলার আয়োজন করতে পেরে। এবার বিশেষভাবেই মেলায় প্রথমবারের মতো ৫জি অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকছে। এ নিয়ে ৩৫টি মেলার আয়োজন করেছি আমরা এবং আমরা সবসময়ই চাই দর্শকের নতুন নতুন সব অভিজ্ঞতা দিতে। নতুন সব স্মার্টফোন আর ট্যাবের খবরাখবর আর নানা পণ্যের সঙ্গে অফার আর উপহারও থাকছে বিভিন্ন স্টলে। সবাইকে এ আয়োজনে আসার আমন্ত্রণ থাকল। মেলায় দর্শক ঢুকতে পারবেন বিনামূল্যে। তবে মাস্ক ছাড়া কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। প্রবেশদ্বারে তাপমাত্রা মেপে তা গ্রহণযোগ্য হলেই প্রবেশ করা যাবে।
অন্য সময়ের মতো এবারও মেলায় স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ থাকছে। স্যামসাং, অপো, রিয়েলমি, শাওমি, টেকনো, ভিভো, ওয়ালটন ও ওয়ান প্লাসসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাবে এখানে। এ ছাড়া স্মার্টফোনের জন্য আনুষঙ্গিক গেজেট ও এক্সেসরিজ নিয়ে থাকবে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন। মেলায় প্রথমবারের মতো রাখা হয়েছে ফাইভজি এক্সপিরিয়েন্স জোন। মোবাইল অপারেটর টেলিটকের পরিচালনায় ও হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের কারিগরি সহায়তায় এ জোনে এসে দর্শক সরাসরি ফাইভজির অভিজ্ঞতা নিতে পারবেন।
