BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩০
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়া, লিবিয়া ও জর্ডানে বন্যা, মৃত্যু ৪


অক্টোবর ১৪, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় সিরিয়া, লিবিয়া ও জর্ডানে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। মঙ্গলবার এসব দেশে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয় এবং জনজীবন ব্যাহত হয়।

সিরিয়ার রাক্কা প্রদেশের মাদান এলাকায় বন্যার পানিতে ভেসে যায় দুই শিশু। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির আল-ইখবারিয়া টেলিভিশন এ খবর জানিয়েছে। এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রাক্কা, দেইর আজ-জোর ও হাসাকা প্রদেশে বৈরী আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছিল।

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভারী বৃষ্টির মধ্যে কাজে যাওয়ার পথে বিদ্যুৎস্পর্শে এক ব্যাংককর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জুমহুরিয়া ব্যাংক।

বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত হয় ভবন ও যানবাহন। দেশটির জাতীয় পানি ও পয়ঃনিষ্কাশন সংস্থা জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির চাপে শহরের পানি নিষ্কাশনব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় লিবিয়ান রেড ক্রিসেন্টের জরুরি দল মোতায়েন করা হয়েছে। ত্রিপোলির সুক আল-জুমা পৌরসভা এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করে সরকারের জরুরি সহায়তা চেয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ত্রিপোলি বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত করেছে।

জর্ডানের পূর্বাঞ্চলীয় রুয়াইশেদ জেলায় আকস্মিক বন্যার পানিতে ভেসে যাওয়া ২৩ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কায় বাসিন্দাদের বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে সৌদি আরব ও আলজেরিয়ায় ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি এলাকাতেও বৃষ্টি হয়েছে এবং বন্যার সতর্কতা দেওয়া হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।