BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:২২
আজকের সর্বশেষ সবখবর

ভুল তথ্য দিয়ে হেবা দলিল সম্পাদন: দুদকের অনুসন্ধানের আগেই রাজস্ব জমা দিলেন দাতা


নভেম্বর ১৪, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

ভুল তথ্য দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে একটি হেবা দলিল সম্পাদন করা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দুদকও করছে অনুসন্ধান। কিন্তু দুদকের অভিযানের আগেই দলিল দাতা ও গ্রহিতা নিজেদের ভুল স্বীকার করে রাজস্ব জমা দিয়েছেন। দলিল প্রস্তুতকারীর মাধ্যমের সংশোধিত সাফকাবালা দলিল হিসেবে সরকারের রাজস্ব প্রদান করেন বলে জানা গেছে। এদিকে বিষয়টি জানতে পেরে দুদক সিলেট জেলা সমন্বিত কার্যালয় থেকে গত রোববার সংশ্লিষ্ট সাবরেজিস্ট্রার কার্যালয়ে অভিযান করা হয়। ওই দিন তারা কথা বলেন সাবরেজিস্ট্রারের সাথে। দেখেন কাগজপত্রও।

জানা গেছে, নিকটাত্মীয় নির্দ্দিষ্ট ব্যাক্তি ছাড়া কাউকে হেবা বা বিনা বিনিময়ে সম্পত্তি দান করা যায় না। কিন্তু সরকারি রাজস্ব ফাঁকি দিতে দুই বন্ধু পরস্পর ভাই দাবি করে ও কাগজপত্র দেখিয়ে গত ২০ এপ্রিল ছাতক সাব-রেজিস্ট্রি কার্যালয়ে হেবা দলিল সম্পাদন করেন। দলিল দাতা হলেন জাউয়া দেবেরগাঁও এলাকার শাহাব উদ্দিন ও গ্রহিতা হলেন একই এলাকার চেচান গ্রামের শফিকুল হক তালুকদার। হেবা দলিল নাম্বার ৯২৬/২০২৬।

সাবরেজিস্ট্রার সূত্রে জানা গেছে, তারা পরস্পরের সহোদর ভাই বলে তথ্য দেন। কিন্তু প্রকৃত পক্ষে তারা সহোদর নয়। হেবা দলিলটি উপস্থাপন করেন ছাতক সাবরেজিস্ট্র অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার। গত জুনের শেষের দিকে বিষয়টি জানাজানি হলে তিনি দলিলদাতা ও গ্রহীতাকে ডেকে প্রকৃত বিষয়টি যাচাই করেন। পরে সাবরেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের সামনে তারা ভুল স্বীকার করেন। পরবর্তীতে দলিলটি সংশোধন করে সাফ-কবলা দলিলের প্রযোজ্য স্ট্যাম্প ফি, রেজিস্ট্রেশন ফি, স্থানীয় কর ও উৎসকরসহ যাবতীয় রাজস্ব জমা দেন। যার পরিমাণ প্রায় ৪৯ হাজার টাকা।

এদিকে ভুল তথ্য দিয়ে হেবা দলিল সম্পাদনের বিষয়ে অভিযোগ করা হয় দুদক প্রধান কার্যালয়ে। কে বা কারা সেই অভিযোগ করেন। বিষয়টি আমলে নিয়ে গত রোববার দুদক সিলেট অফিস থেকে অভিযান করা হয় ছাতক সাবরেজিস্ট্রার অফিসে। দুদক কর্মকর্তারা দলিল বিষয়ে সাবরেজিস্ট্রারকে জিজ্ঞাসাবাদ ও নথিপত্র তল্লাশি করেন। যদিও এর আগেই রাজ্স্ব প্রদান করেন দলিল দাতা ও গ্রহিতা। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তা হেবা দলিল সম্পাদনের সত্যতা ও রাজস্ব প্রদানের বিষয়টি স্বীকার করে বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

এ বিষয়ে দলিল দলিল লেখক গিয়াস উদ্দিন তালুকদার বলেন, আমরা মূলত দলিল দাতা-গ্রহীতার দেওয়া তথ্যের ভিত্তিতে দলিল প্রস্তুত করি। কাগজপত্র কিংবা অন্যান্য তথ্য ঠিক আছে কি না তাৎক্ষনিক যাচাই করার সুযোগ নেই। তিনি জানান, হেবা দলিলের ক্ষেত্রে তারা একে অপরের ভাই বলে ভুল তথ্য দেন। পরে বিষয়টি জানতে পেরে আমি তাদের ডেকে আনি। তারা ভুল স্বীকার করেন এবং পরবর্তীতে দলিল সংশোধন করে সরকারের রাজস্ব প্রদান করেন। তিনি বলেন সংশোধনের পরও একটি পক্ষ ইচ্ছা করে বিভ্রান্তি ছড়াচ্ছে যা আমার সুনাম বিনষ্টের চেষ্টামাত্র।

দলিল গ্রহীতা শফিকুল হক জানিয়েছেন তিনি জমিটি তার বন্ধুর কাছ থেকে ধারে টাকা দেওয়া জামানত হিসাবে গ্রহণ করেন। সেজন্য হেবা দলিল করেন। কিন্তু ভুল বুঝতে পেরে সংশোধন করা হয়েছে।

ছাতক সাবরেজিস্ট্রার সাইফুল আলম জানান দাতা-গ্রহিতার প্রদান করা তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রের আলোকে প্রচলিত দলিল আইন অনুযায়ী হেবা ঘোষনা দলিলটি সম্পাদন করা হয়। পরে জানা যায় দলিলের দাতা ও গ্রহীতা সহোদর ভাই নন। তারা ভুল বুঝতে পেরে তা সংশোধন করে সাফকাবালা দলিলের রাজস্ব জমাও দিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।