BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৪
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মহানগর যুব জমিয়তের পরিচিতি সভা: টুপি পরিয়ে নবীনদের বরণ


সেপ্টেম্বর ২৪, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর উদ্যোগে সংগঠনে নবযোগদানকারী প্রাথমিক সদস্যদের বরণ ও পরিচিতি সভা বুধবার (২৩ সেপ্টেম্বর) বাদ এশা সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুব জমিয়তে নবযোগদানকারী প্রাথমিক সদস্যদের মাথায় টুপি পরিয়ে এক দ্বীনি আমেজে বরণ করে নেওয়া হয়।

মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

সভায় বক্তারা বলেন, একজন মুসলিম যুবকের জীবনে ঈমান, ইসলাম ও সহিহ আকিদার গুরুত্ব অপরিসীম। দ্বীনি জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেদের চরিত্র, নৈতিকতা ও আমল-আখলাককে সুন্দর করে গড়ে তুলতে হবে। ইসলামের সুমহান আদর্শ ধারণ করে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নবযোগদানকারী যুবকদের উদ্দেশে বক্তারা বলেন, শুধু সংগঠনের সদস্য হওয়াই যথেষ্ট নয়; নিজেদের যোগ্য, সৎ, দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। দেশ, সমাজ ও উম্মাহর কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা তৈরি করতে হবে। তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে—তাই সময়, মেধা ও শক্তিকে সঠিক কাজে ব্যয় করা জরুরি।

সভায় বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক, অনৈতিকতা, অপসংস্কৃতি ও বিভ্রান্তি থেকে দূরে রেখে দ্বীন, মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে যুব জমিয়ত কাজ করে যাচ্ছে। নবীনদের নিয়মিত দ্বীনি অধ্যয়ন, ইবাদত-বন্দেগী, ভালো মানুষের সাহচর্য ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরীর সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা সৈয়দ মুসাদ্দিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক, যুব জমিয়ত সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহসভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা শাহিদ হাতিমী, মাওলানা আব্দুল হাসিব খান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন খান, মাওলানা আশরাফ হোসাইন ফুয়াদী, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, হাফিজ খলিলুল্লাহ মাহবুব, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, সিলেট জেলা উত্তর যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সোহাইল আহমদ, মহানগর অর্থ সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক দিলদার হোসেন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, নির্বাহী সদস্য মাওলানা ফজলুল করিম, হাফিজ কাউসার হোসাইন সহ বিপুল সংখ্যক যোগদানকারী প্রাথমিক সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ নবাগত যুবকদের সংগঠনের কার্যক্রমে দায়িত্বশীলভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং সাংগঠনিক শৃঙ্খলা ও নিয়মিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।